সেতুর ‘স্বাস্থ্যপরীক্ষা’, বিকল্প ঘুরপথে যানজট

৩৬৫ দিন। সেতুর নিরাপত্তা যাচাইয়ে শুরু হয়েছে ৭২ ঘণ্টার লোড টেস্ট। আর সেই পরীক্ষার জেরে শুক্রবার সকাল থেকেই বালির রাস্তায় ছড়াল যানজট। বালি ব্রিজের সংযোগকারী সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করে গাড়ি ঘুরিয়ে দেওয়ায় সকাল থেকে যানজট হয়। বালি ট্রাফিক গার্ড সূত্রে জানা গিয়েছে, বালিঘাটের কাছে ৫৪ নম্বর বাসস্ট্যান্ডের উপর থাকা পিডব্লিউডি-র সাউদার্ন ভায়াডাক্টে শুক্রবার সকাল থেকে স্বাস্থ্যপরীক্ষার কাজ শুরু হয়েছে। চলবে টানা ৭২ ঘণ্টা। পরীক্ষা চলাকালীন নিরাপত্তার কারণে সেতুর উপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।ফলে স্বাভাবিক রুটের বদলে বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বালিখাল হয়ে দক্ষিণেশ্বর বাউন্ড ব্রিজ দিয়ে উঠে লালবাড়ি কাট-আউট হয়ে বালিহল্টের দিকে পাঠানো হচ্ছে যানবাহন। অতিরিক্ত পথ পাড়ি দেওয়ার কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকল্প রাস্তাতেও গাড়ির চাপ বাড়তে থাকে। তার জেরে বালি ব্রিজ, সংযোগকারী রাস্তা এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে তৈরি হয় যানজট। প্রশাসন সূত্রে খবর, সেতুটির কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের পাশাপাশি কোথাও মেরামতি বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে কিনা তা নির্ধারণ করতেই এই পরীক্ষা। লোড টেস্টের মাধ্যমে নির্দিষ্ট ভার বহনের ক্ষেত্রে সেতুটির সক্ষমতাও যাচাই করা হবে।সেতুর নিরাপত্তার স্বার্থে পরীক্ষা জরুরি হলেও ৭২ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Scroll to Top