৩৬৫ দিন। সাত সকালে বাড়িতে বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে বাড়ির জানলা দরজা থেকে আসবাবপত্র। বিস্ফোরণে একজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ যে বাড়িতে বিস্ফোরণ ঘটে সেটি এক তৃণমূল নেতার। তার বাড়িতে মজুত করা বোমা ফেটে এই ঘটনা যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বারুইপুর পূর্বের উত্তরভাগের লালপোলের কাছে দোতলা বাড়ি তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের। তিনি রামনগর যুব তৃণমূলের সভাপতি ছিলেন। সেই বাড়িতেই শুক্রবার সকালে আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাড়িটিই প্রায় ধ্বংসস্তুপের চেহারা নেয়। একজনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ওই বাড়ি থেকে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছে। সেগুলো থেকেই বিস্ফোরণ কি না তা স্পষ্ট নয়। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখবে তার পর বিস্ফোরণের আসল কারণ জানা যাবে। আপাতত কোনো সম্ভবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। যে তৃণমূল নেতার বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে তাকে খুঁজছে পুলিশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি অকারণে বিষয়টিতে রাজনীতি টেনে আনছে। ওই বাড়িতে কোনো বোমা বা বিস্ফোরক মজুত ছিল না। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে।
সাত সকালে বাড়িতে বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে





