৩৬৫ দিন। এতদিন অনেকে মেয়র ছিলেন। এবার কলকাতা পাবে সনাতন মেয়র। আসন্ন কলকাতা পুর নির্বাচনের আগে এভাবেই দলের মেয়র পদপ্রার্থী পরিচয় নিয়ে বিজেপির দলীয় অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কলকাতা নির্বাচনে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার।
আসন্ন দূর্গা পূজার পরেই কলকাতায় পুর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়ার পরেই কলকাতা এবং হাওড়ার নির্বাচনের জন্য ইতিমধ্যেই ইনচার্জ নিযুক্ত করেছে রাজ্য বিজেপি। কলকাতায় পুরসভা নির্বাচনের জন্য ইন-চার্জ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ওরফে রাজু বন্দ্যোপাধ্যায়। আহ্বায়ক তাপস রায় এবং সহ-আহ্বায়ক কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি।হাওড়ার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। আহ্বায়ক করা হয়েছে বালির বিধায়ক সঞ্জয়কুমার সিংহকে। গত রবিবার কলকাতার নির্বাচন নিয়ে বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের বাড়িতেও এক দফা বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা বলে পরিচিত ভবানীপুরের দুটি ওয়ার্ডের বিজেপি নেতাকর্মীদের নিয়ে আজ দীর্ঘক্ষণ প্রস্তুতি বৈঠক করলেন সুকান্ত।
তাৎপর্যপূর্ণভাবে ১৩৬ নম্বর ওয়ার্ড এবং ১৩৮ নম্বর ওয়ার্ডের ভোট নিয়ে আজ কালীঘাটের জয় হিন্দ ভবনে বৈঠকে বসেন সুকান্ত মজুমদার। আসন পুনরবিন্যাসের পরে বর্তমানে এই দুটি ওয়ার্ডের নম্বর বদলে গেলেও কিছুদিন আগে পর্যন্ত ১৩৬ নম্বর ওয়ার্ড ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড ৭৩ নম্বর। পাশাপাশি আগে যে ৮২ নম্বর ওয়ার্ড থেকে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম নির্বাচিত হতেন সেই ওয়ার্ডের সংখ্যা বদলে এখন হয়েছে ১৩৮ নম্বর। আজকের বৈঠকে সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য সহ দলের সংগঠনিক নেতারা। আর দলীয় সাংগঠনিক নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠকে সুকান্ত মজুমদার স্পষ্ট করে জানিয়ে দেন, নির্বাচনে মূল কৌশল একটাই, জিততে হবে। সেই লক্ষ্যেই যা যা সাংগঠনিক ভাবে প্রয়োজন, দল করবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কে পুরনো, কে নতুন – তার চেয়ে এলাকায় কে জিততে পারেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। সুকান্তের দাবি, আসন্ন পুরভোটে বিজেপি 150-র বেশি আসন পেতে পারে। বিজেপির জেতা ওয়ার্ড সংখ্যা 170 থেকে 180-তেও পৌঁছতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপি বিগত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করেছিল এবারে কলকাতার ক্ষেত্রেও একইভাবে প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে বিগত তৃণমূল বোর্ডের দুর্নীতি নিয়ে চার্জশিট প্রকাশ করবে বলেও জানিয়েছেন তিনি।
মূলত দীর্ঘকাল ধরে তৃণমূলের খাস তালুক বলে পরিচিত এই দুই ওয়ার্ডে পুরসভা নির্বাচনে যে কোন মূল্যে জয় ছিনিয়ে আনতে হবে বলে দলীয় নেতা কর্মীদের আহ্বান জানানোর পাশাপাশি আগামী দিনে কলকাতা পুরসভাকে ইন্দোরের মডেলের সাজানোর কথা ঘোষণা করেন সুকান্ত। দেশের মধ্যে পরিচ্ছন্ন এবং সুষ্ঠু শহর হিসেবে সুনাম রয়েছে ইন্দোরের। একাধিকবার কেন্দ্রীয় পুরস্কার পেয়েছে এই শহর। সম্প্রতি সেখানে গিয়ে ঘুরে এসেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। একাধিকবার ঘুরেছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। এবার এই ইন্দোর মডেল কলকাতার পুরসভার ভোটে।
‘এবার কলকাতা সনাতন মেয়র পাবে’
পুরভোটের প্রস্তুতি বৈঠকের পর জানালেন সুকান্ত মজুমদার
- khabar365din
- September 8, 2026
- 7:36 pm
- No Comments




