৩৬৫দিন। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নাদিয়ার আদালতের গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । আগেই গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছিল আদালত। এবার তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এছাড়া, এই মামলায় অন্য নির্দেশগুলিও খারিজ করা হয়েছে।বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। গত জুলাই মাসে তৃণমূল সাংসদ কয়েকটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয় থানায় । এই মামলায় একাধিকবার তাঁকে সমন দেয় কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু মহুয়া মৈত্র হাজিরা না দেওয়ায় গত মাসে কৃষ্ণনগরের জেলা আদালত সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।সেই সমনের বিরুদ্ধেই হাই কোর্টে গেছিলেন মহুয়া। ডিভিশন বেঞ্চে কৃষ্ণনগর কোর্টের যাবতীয় নির্দেশ খারিজ শুধু করেনি একইসঙ্গে কৃষ্ণনগর আদালত থেকে এই মামলা সরিয়ে বিধাননগর এম পি -এম এল এ বিশেষ আদালতে স্থানান্তর করেছে । মহুয়ার বিরুদ্ধে হওয়া মামলায় বি এন এসের -এর একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। ৭৯ ধারা (নারীর শ্লীলতাহানি/মর্যাদাহানির অভিযোগ ১৯৬ ধারা (গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার অভিযোগ) ২৯৯ ধারা (ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ) ৩৫১ ধারা (অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ) ৩৫৩(২) ধারা (বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত অভিযোগ) দেওয়া হয়েছিল ।




