বার্ধক্য ও বিধবা ভাতা বৃদ্ধি করে উপভোক্তাদের একাউন্টে পাঠালেন মুখ্যমন্ত্রী
মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা

৩৬৫ দিন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী সংকল্প পত্রের ঘোষণা অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার অংক বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রবীণ ও বিধবা মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১৫০০ টাকা করা হয়েছে। বিগত তৃণমূল সরকারের আমলে তাঁরা এই প্রকল্পে ১০০০ টাকা করে ভাতা পেতেন। নবান্নে এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে বর্ধিত হারে ভাতার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হল। বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ হল। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, অযোগ্য কাউকে ভাতা দেওয়া হবে না। অর্থাৎ নির্দিষ্ট সরকারি নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই নতুন করে উপভোক্তাদের নির্বাচন করা হবে।
মুখ্যমন্ত্রী আজ বলেন, আমি আজকে আধিকারিকদের বলছি, যে বিগত সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করলাম আমি আজ থেকে। আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রে, যারা জনকল্যাণ শিবিরে নাম লিখিয়েছেন, তাদের ভেরিফিকেশন করে, তাদেরকে আগে দিতে হবে। যারা আমাদের জনকল্যাণ শিবিরে এসে নাম লিখিয়েছেন।
বেতন বৃদ্ধির ঘোষণা
আজ রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, কিছুদিন আগে ঘোষণা করেছিলাম,  ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার, ফরেস্ট স্টাফ , ফরেস্ট গার্ড রয়েছেন, তাঁদের ৫ হাজার টাকা করে, ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবং পয়লা অক্টোবার থেকে কার্যকর হবে। বন সহায়কদের পারিশ্রমিক ২ হাজার করা হয়েছে। এটাতে ১৫০০ জন বন সহায়ক উপকৃত হবেন। এবং এটাও ১ অক্টোবার থেকে কার্যকর হবে। আমি বিধানসভার শেষদিনে ঘোষণা করেছিলাম, প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল বিল-মেডিক্যাল ভাতা ৬ হাজারের বদলে ১০ হাজার টাকা করা হয়েছে। এটা পয়লা আগস্ট থেকে কার্যকর হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়করা যারা নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে সেবাকেন্দ্র চালু করেছেন, তাঁদের সেবাকেন্দ্র পরিচালনার জন্য, পয়লা জুন থেকে ৩০  হাজার টাকা করে মাসে প্রদান করা হবে।
প্যারাটিচারদের বেতন বৃদ্ধি
মুখ্যমন্ত্রী জানান, আমাদের বিদ্যালয় শিক্ষা দফতরে, বাজেটে কিছু ঘোষণা ছিল, কিন্তু বেশ কিছু গ্রুপ বাদ চলে গিয়েছিল। শিক্ষা দফতর থেকে তাঁদের বিষয়ে, আমাদের কাছে প্রস্তাব আসে। এটা আজকে ক্যাবিনেট অনুমোদন করেছে। প্যারাটিচার প্রাইমারি লেভেল, ২০ হাজার ৩৪৩ জন, তাঁদের বর্তমান রেমুনারেশন ১১ হাজার ৯৪১ টাকা , ওটা থেকে বাড়িয়ে করা হল ১৬ হাজার ৯৪১ টাকা অর্থাৎ ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। ১ নভেম্বর থেকে কার্যকর হবে। প্যারাটিচার আপার প্রাইমারি, এক্ষেত্রেও ২১ হাজার ৮৪৯ জন, উপকৃত হবেন। তাঁদেরও ৫ হাজার টাকা বাড়ানো হল। পয়লা নভেম্বর থেকে ১৫ হাজার ৫২৩ এর বদলে, ২০ হাজার ৫২৩ টাকা করে তাঁরা পাবেন। তিন হচ্ছে শিক্ষাবন্ধু, শিক্ষাবন্ধুরা ২২৮০ জন আছেন, তাঁদেরও ৫ হাজার টাকা বৃদ্ধি হল। তাঁরা বর্তমানে ৯ হাজার ৯৫৪ টাকা পান। ১ নভেম্বর থেকে তাঁরা ১৬ হাজার ৯৪১ টাকা মাসে পাবেন। স্পেশাল এডুকেটর ২১ জন আছেন। তাঁদের ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।  ১৪ হাজার ৯২৪ টাকার বদলে ২০ হাজার ৮৯৬ টাকা পাবেন ১ নভেম্বর থেকে।
বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি অভিযান
পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে এবার বাড়ি বাড়ি অভিযান। বাল্যবিবাহ যে করবে, যারা সেই বিয়ে দেবে, তাঁদের কড়া শাস্তি হবে। বন্ধ হবে সব সরকারি ভাতা। যারা বাল্যবিবাহ করেছেন, সেই স্বামীদের  শোকজ করা হচ্ছে। জেল হতে পারে পুরোহিত-কাজিদের! বাল্যবিবাহ রুখতে এমন কড়া পদক্ষেপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বাল্যবিবাহ যারা দিয়েছেন বা দিচ্ছেন, সেই পুরোহিত, কাজিদের জেল হবে। বাল্যবিবাহ যারা করছেন, সেই পুরুষদের ও স্বামী-স্ত্রীর দুই পরিবারের সদস্যরাও বাইরে থাকবেন না। তাঁদেরও পাকড়াও করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা হবে। এক্ষেত্রে বাল্যবিবাহে দুই বছর পর্যন্ত জেল ও একলক্ষ টাকা জরিমানার কথা রয়েছে। হাসপাতালে নাবালিকা স্ত্রীর প্রসব হলেও কড়া পদক্ষেপ করা হবে। সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের ডাক্তার, আধিকারিকদের ক্ষেত্রেও ব্যবস্থা হতে পারে। এক্ষেত্রে পকসো আইনে পদক্ষেপ হবে। জানানো হয়েছে, ১৮ বছরের নিচে যৌন সম্পর্ক স্থাপন করলে পকসো ধারা ৩ ও ৪ অনুসারে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সেক্ষেত্রে ১০ বছরের কারাদণ্ড হতে পারে। নাবালিকার বয়স ১৬ বছরের কম হলে আজীবন কারাবাসও হতে পারে। নাবালিকা গর্ভধারণ করলে ২০ বছরের জেল হতে পারে। সেই কথাও জানানো হয়েছে। প্রসঙ্গত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নাবালিকা প্রসবের ক্ষেত্রে মুর্শিদাবাদ শীর্ষে, তার পরে রয়েছে দক্ষিণ দিনাজপুর।

Scroll to Top