৬ অক্টোবর নন্দীগ্রাম, রেজিনগরে উপনির্বাচন, ফল ঘোষণা ৯ অক্টোবর, দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন

৩৬৫ দিন। দুর্গা পুজোর আগেই রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷ আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন৷ উপনির্বাচনের ফল ঘোষণা হবে ৯ অক্টোবর৷
এ দিনই রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৯ সেপ্টেম্বর৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর৷
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও জয়লাভ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শেষ পর্যন্ত অবশ্য নিয়ম মেনে একটি কেন্দ্রের বিধায়ক হিসেবে ইস্তফা দেন তিনি৷ নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়েন শুভেন্দু৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরও এবার বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং নওদা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ দুটি কেন্দ্র থেকেই জয় পান তিনি৷ নওদা কেন্দ্রের বিধায়ক পদ রাখলেও রেজিনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হুমায়ুন কবীর৷ ফলে মুর্শিদাবাদের ওই কেন্দ্রটিও বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে৷
প্রসঙ্গত, নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগর কেন্দ্রেও এবার বিজেপি-র জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর দুই কেন্দ্রে গিয়েই উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের রেকর্ড মার্জিনে জেতানোর জন্য আবেদন জানিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী৷ অন্যদিকে, তৃণমূলও এই দুই কেন্দ্রে জেতার বিষয় অত্যন্ত আত্মবিশ্বাসী।
পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের আরও চারটি বিধানসভা কেন্দ্রেও ৬ অক্টোবর উপনির্বাচনের দিন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন৷ তামিলনাড়ুর দুটি এবং অসম ও পুদুচেরির একটি করে বিধানসভা আসনে ৬ অক্টোবরই উপনির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন।

Scroll to Top