৩৬৫ দিন। হোটেলের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে তুমুল অশান্তির জেরে মন্দারমণির ওই হোটেলকে শোকজ করল হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। সপ্তাহান্তে বেড়াতে এসে হোটেল কর্মীদের হাতে বজবজের এক পর্যটক পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটনকেন্দ্রে। ঘটনায় হোটেলের ম্যানেজার ও এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে মন্দারমণি থানার পুলিশ। ধৃতদের রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ধৃত হোটেল ম্যানেজারের নাম ভাস্কর বিশ্বাস (৩৫)। তিনি নদিয়ার বাদকুল্লার বাসিন্দা।অন্যজন হলেন ধৃত নিরাপত্তারক্ষী সুব্রত ঘোষ (৪৫)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনায়।
ঘটনার সূত্রপাত হয় শনিবার। বজবজের বাসিন্দা মহম্মদ আসিফ পরিবারের সদস্যদের নিয়ে মন্দারমণিতে বেড়াতে এসে একটি হোটেলের বাইরে গাড়ি রাখেন। প্রথমে ওই হোটেলে ঘর দেখলেও পছন্দ না হওয়ায় পাশের অন্য হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। পরে গাড়ির কাছে ফিরে এসে দেখেন, গাড়ি সরানো নিয়ে তাঁদের চালকের সঙ্গে হোটেলের নিরাপত্তারক্ষীর বচসা চলছে। পর্যটকদের অভিযোগ, নিরাপত্তারক্ষী গাড়ি সরাতে বলেন। এমনকি গাড়িতে ধাক্কা দিয়ে সেটি সরানোর চেষ্টাও করা হয়।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। হোটেল থেকে লাঠি নিয়ে বেরিয়ে এসে ম্যানেজার ও নিরাপত্তারক্ষী পর্যটকদের উপর চড়াও হন বলে অভিযোগ। শুরু হয় মারধর। ঘটনায় মহিলা ও বৃদ্ধ-সহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত এক মহিলা পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি কয়েকজন মাটিতে পড়ে যাওয়ার পরেও তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে কয়েকজনকে লাঠি হাতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা ও ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তের পর ম্যানেজার ভাস্কর বিশ্বাস ও নিরাপত্তারক্ষী সুব্রত ঘোষকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, পর্যটকদের অভিযোগের পালটা দাবি করেছে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি অশোক আদকের দাবি, নিরাপত্তারক্ষী গাড়ি সরাতে বলার পর পর্যটকরাই নাকি প্রথমে তাঁকে আক্রমণ করেন। তবে এই দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
মন্দারমণিতে পার্কিং নিয়ে অশান্তির ঘটনায় ওই হোটেলকে শোকজ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের, গ্রেফতার ম্যানেজার ও নিরাপত্তারক্ষী
- khabar365din
- September 6, 2026
- 5:08 pm
- No Comments






