শিয়ালদহে প্রায় ৭ ঘণ্টার ট্র্যাফিক ব্লক, সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

৩৬৫ দিন। শিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত কাজের জন্য প্রায় ৭ ঘণ্টা ট্র্যাফিক ব্লক। আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার এবং ৬ সেপ্টেম্বর, রবিবার এই কাজ চলবে। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেন আংশিকভাবে চালানো হবে। ফলে সপ্তাহান্তে শিয়ালদহ মেন শাখার যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে মেন লাইনের পয়েন্ট কনভার্সনের কাজ হবে। সেই সঙ্গে পুরনো ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট বদল করা হবে। প্রয়োজনীয় গ্রাউন্ড ফিটিংস, জাম্পার ও বন্ডিংয়ের কাজের জন্য পাওয়ার ব্লকও নেওয়া হবে। নিরাপত্তার কথা মাথায় রেখেই নির্দিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে।রেলের সিদ্ধান্ত অনুযায়ী, শিয়ালদহ–হাবরা, শিয়ালদহ–কল্যাণী সীমান্ত, শিয়ালদহ–ডানকুনি, শিয়ালদহ–রানাঘাট, শিয়ালদহ–বারাসত এবং শিয়ালদহ–দত্তপুকুর শাখায় একাধিক আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে। ফলে এই রুটগুলির নিত্যযাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়াও ৫ সেপ্টেম্বর ৫৩১৭২ নম্বর লালগোলা–শিয়ালদহ লোকাল দমদম জংশনেই যাত্রা শেষ করবে। অর্থাৎ ট্রেনটি শিয়ালদহ পর্যন্ত যাবে না। পরে খালি রেকটি দমদম থেকে শিয়ালদহে নিয়ে আসা হবে।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং এবং কমার্শিয়াল বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি দেখে বেরোনোর পরামর্শ দিয়েছে রেল।

Scroll to Top