৩৬৫ দিন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে বৃহস্পতিবার ভোরে হামলার ঘটনার তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক লাইভ থেকে এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন নেত্রী। তিনি অভিযোগ করেছেন, বিজেপি গুন্ডা পাঠিয়ে তাঁর দলের দফতর তছনছ করেছে। জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। অত্যাচার বন্ধ না-হলে আগামী দিনে দিল্লি গিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে ক্যামাক স্ট্রিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ভোর সাড়ে ৪টে নাগাদ বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তৃণমূলের ক্যামাক স্ট্রিটের দফতরে ঢুকে ভাঙচুর চালায়। থানায় ফোন করেও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক লাইভে সেই প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘‘আমাদের দফতরে মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি।বিজেপি গিরগিটির দল, লুটেরাদের দল, আমাদের পার্টি অফিসে ঢুকে কাগজ, দলিল, জিনিসপত্র সব লুট করেছে। বিজেপি গুন্ডাদের পাঠিয়েছে। আমাদের চার জনকে ভিতরে আটকে রাখা হয়েছিল, অনেক অত্যাচার করা হয়েছে। নাকের ডগায় শেক্সপিয়র সরণি থানা। ওই থানা-সহ একাধিক থানার ভূমিকা আমরা নোট করে রাখছি। চিরকাল বিজেপি থাকবে না।’’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘খাস কলকাতার বুকে যাঁরা মধ্যরাতে বর্বরতা চালাচ্ছে, তারা গ্রামবাংলায় কী করছে, ভাবা দরকার।’’ বিজেপি ক্ষমতায় আসার পর পুলিশ রক্ষক থেকে ভক্ষক হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।
বিজেপির নানাবিধ ‘অত্যাচার’-এর কথা বলে দিল্লি পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘দরকার হলে দিল্লি পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করব। কত দিন আটকাবেন? কত দিন অত্যাচার চলবে? অত্যাচার বন্ধ না হলে আমি দিল্লি যাব এবং সেখানে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসব। এখানে হকারেরা কাঁদছেন, দোকান ভাঙা হচ্ছে কোনও বিকল্প ছা়ড়াই। মধ্যরাতে অপারেশন চালানো হচ্ছে। সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিন। আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা। না হলে মানুষ ললিপপ ধরিয়ে দেবে।’’
এসআইআর থেকে নাম বাদ
দিল্লিতে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর নির্দেশে এসআইআর প্রক্রিয়া থেকে বেছে বেছে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে বলে সরাসরি অভিযোগ করেন তৃণমূল নেত্রী । তাঁর কথায়, “আমি বারবার বলেছি যে, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দেওয়া থেকে শুরু করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, যোগ্যদের নাম অন্তর্ভুক্ত না-করা এবং মানুষকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা – সর্বতভাবে সব রকম শক্তি প্রয়োগ করা হয়েছে। আমার বিশ্বাস, দিল্লিতে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনটি হাতিয়ে নেওয়ার জন্য পুরো সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়েছেন। নাম বাদ দেওয়া থেকে শুরু করে মানুষকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা – সব রকম শক্তির অপব্যবহার করা হয়েছে । তথাকথিত জনগণনার নামে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করেই নাম বাদ দেওয়া হচ্ছে। আপনারা কেন অন্তর্ভুক্তির বদলে বর্জনের পথ বেছে নিচ্ছেন ?”
কোচবিহারের দিনহাটায় এক শিশুকন্যার উপর হওয়া অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা করেন তৃণমূল নেত্রী। বাঁকুড়া থেকে গড়বেতায় আত্মীয়ের বাড়ি যাওয়া যুবকদের হেনস্তার ঘটনাতেও সরব হন তিনি। তাঁর প্রশ্ন, “কে কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে, তা ঠিক করে দেওয়ার আপনারা কে ?”
প্রসঙ্গ নিরাপত্তা
প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রী কোনও নিরাপত্তাই পান না রাজ্য সরকারের কাছ থেকে। তাঁর কথায়, ‘‘কোথায় জ়েড প্লাস? এখানে একটাও সিকিউরিটি নেই। মিথ্যা কথা বলবেন না। সব নিরাপত্তা তুলে নিয়েছেন প্রথম দিন থেকেই। এখন ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। আমার চাই না আপনাদের নিরাপত্তা।’’ বিজেপি নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘‘শুধু দুষ্কৃতীদের রক্ষা করতে সিআরপিএফ পাঠিয়ে আপনারা বিজেপি-র পরিকাঠামোই নষ্ট করছেন। দলের আসল কর্মীদের হারাচ্ছেন। পায়ের তলার মাটি সরে যাচ্ছে আপনাদের। দলের পরিস্থিতি আপনারা জানেন না।’’
বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা
বিজেপির প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করে মমতা বলেন, ‘‘আমাদের ৪ হাজারের বেশি পার্টি অফিস দখল করা হয়েছে। আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। রোজ এফআইআর হচ্ছে। এফআইআরে তো বিশ্ব রেকর্ড হয়ে গিয়েছে। আপনারা এফআইআর করতে করতে হাঁপিয়ে যাবেন। আমাদের থামাতে পারবেন না।’’
মূল্যবৃদ্ধি
দেশে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, দেশের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে তার দল সরকারকে সাহায্য করতে প্রস্তুত। কোথাও দুর্নীতি হলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। কিন্তু সাধারণ মানুষের জীবন ও জীবিকে যেন কেড়ে না-নেওয়া হয়।
ক্যামাক স্ট্রিট কাণ্ডের সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়
দিল্লিতে ধর্নায় বসার হুঁশিয়ারি মমতার
- khabar365din
- September 4, 2026
- 1:55 pm
- No Comments




