পর্যাপ্ত নয় অগ্নি নির্বাপন ব্যবস্থা বলে দাবি করে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নির্দেশ দমকলের

৩৬৫ দিন। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একাংশ খালি করার নির্দেশ দিল দমকল দপ্তর। অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের ৬ ও ৭ তলা খালি করার নির্দেশ দিল দমকল। ৯ অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির ওই ভবনটির সপ্তম এবং অষ্টম তলাতেই অভিষেকের দফতর। ওই দু’টি তলায় ভাড়া দিয়ে অফিস চালান বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
দিন কয়েক আগে কলকাতা পুরসভার কয়েকজন আধিকারিক শেক্সপিয়ার সরণী থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের ওপরে থাকা তৃণমূলের একটি বিলবোর্ড খুলতে গেলে অভিষেক সহ তৃণমূল নেতাদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। এরপরেই একদিকে যেমন পুলিশকে হেনস্থা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, পাশাপাশি অভিষেকের অফিসের অগ্নি সুরক্ষা বিধি মেনে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছিল কিনা তার জন্য দমকল দপ্তরের পক্ষ থেকে ফায়ার অডিট করা হয়। তাতে একাধিক গুরুতর গাফিলতি উঠে এসেছে বলে দাবি দমকল আধিকারিকদের। দমকলের নথি অনুযায়ী, ভবনটির ফায়ার সেফটি সার্টিফিকেটের পুনর্নবীকরণের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০২৩ সালের ১০ অগাস্ট। তারপর থেকে সেই হায়ার সেফটি সার্টিফিকেট আর নবীকরণ করা হয়নি। পরিদর্শনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি নজরে আসে বলে অভিযোগ। সংশ্লিষ্ট ভবনের ফায়ার অ্যালার্ম ব্যবস্থা কাজ করছিল না বলে অভিযোগ। অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থাও নেই। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বেরোনোর পথের কয়েকটি অংশে বাধা ছিল বলেও পরিদর্শনে উঠে এসেছে। অগ্নিসুরক্ষা সংক্রান্ত একাধিক বিধি মানা হয়নি বলেও উল্লেখ করেছে দমকল।
দমকলের তরফে জানানো হয়েছে, অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় ওই ভবনে মানুষের জীবন ও সম্পত্তির উপর বিপদের আশঙ্কা রয়েছে। সেই কারণেই ৬ ও ৭ তলা অবিলম্বে খালি করার নির্দেশ। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই তলাগুলি ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়েছে দমকল বিভাগ।

Scroll to Top