উপরের ছবিটি রুপদর্শী ছদ্মনামে গৌরকিশোর ঘোষের কাহিনী অবলম্বনে ব্রজবুলি ছবিতে মহানায়ক


৩৬৫ দিন। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে শহরে বিশেষ প্রদর্শনী উত্তম- দ্য মহানায়ক। প্রদর্শনীতে রয়েছে মহানায়ক অভিনীত বহু ছবির পোস্টার, বিজ্ঞাপন, রেকর্ড, ম্যাগাজিন, বুকলেট, স্থির ছবি , গানের বই, লবি কার্ড সহ আরও অনেক কিছু। উত্তম কুমার। শুধুমাত্র একটা নাম নয়, একটা ব্র্যান্ড, যা একশো বছর পূর্ণ করেও সমান ভাবে জনপ্রিয়, নির্ভরযোগ্য, বাঙালির তথা সংস্কৃতিপ্রেমী মানুষের বড় নিজের, আপনার মানুষ, মহানায়ক, গুরু।বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম অভিনেতা উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে,২০ অগস্ট থেকে শুরু হওয়া প্রদর্শনী, দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত চলবে উত্তম দ্য মহানায়ক শীর্ষক এই বিশেষ প্রদর্শনী। কলকাতার আইসিসি আর-এর যামিনী রায় গ্যালারিতে। এক স্বনামধন্য গয়নার ব্র্যান্ড এবং প্রসাধনী ব্র্যান্ড। এই বিশেষ প্রদর্শনীর আয়োজক থিজম ইভেন্টস। এক ছাদের নীচে উত্তম প্রচার সম্ভার। ছায়াছবির পোস্টার, লবিকার্ড, বুকলেট, সং বুক, ফিল্ম স্টিলস, ছবির বিজ্ঞাপন, পুরোনো ম্যাগাজিনে প্রকাশিত ছবি ও প্রতিবেদন, ছবির গানের রেকর্ড এর এক বিশেষ সম্ভার নিয়ে আসছেন বিশিষ্ট চলচ্চিত্র পোস্টার সংগ্রাহক সুদীপ্ত চন্দ। উল্লেখ্য, এবছর তাঁর সংগ্রাহক জীবনের কুড়ি বছর পূর্ণ হল।
উত্তমকুমার গানের রেকর্ড,বিরল পোস্টার থেকে বুকলেট,চিঠি, বিজ্ঞাপন
চলচ্চিত্র পোস্টারের মধ্যে উত্তম কুমার প্রযোজিত হিন্দি ছবি ছোটি সি মুলাকাত, এর দু’রকম সাইজ ও ভিন্ন ডিজাইন , অমানুষ ছবির হিন্দি মুম্বাই প্রিন্ট বড় পোস্টার, পাশাপাশি হিন্দি ছবি দূরিয়ার দু’ডিজাইন এর বড় পোস্টার , রেয়ার পোস্টারের মধ্যে যাত্রা হল শুরু , পুণর্মিলন, পুত্রবধূ, প্রিয় বান্ধবী ছবির ক্যালেন্ডার। ওড়িয়া হরফে লেখা বন্দী ছবির পোস্টার, ব্রতচারিণী, ওরা থাকে ওধারে, চন্দ্রনাথ, ত্রিযামা, অন্নপূর্ণার মন্দির- এরকম প্রায় আশির কাছাকাছি ছবির পোস্টার। থাকছে রেয়ার বুকলেট প্রায় একশোর মতো।
তার মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রশক্তি, সঞ্জিবনী, হ্রদ, বকুল, শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক, দেবত্র, বসু পরিবার, নবীন যাত্রা প্রভৃতি। প্রদর্শনীতে অবাক করে, উত্তম কুমারের নিজের গাওয়া গানের রেকর্ড, পাশাপাশি তাঁর অভিনীত বেশ কিছু ছবির রেকর্ড। রয়েছে গানের বই। নিশান ছবির লেটার হেড, পত্র-পত্রিকায় প্রকাশিত ছবির বিজ্ঞাপন, নিজের গান নিয়ে লেখা প্রতিবেদন। সুচিত্রা সেনকে নিয়ে লেখা প্রতিবেদন , বিভিন্ন অনুষ্ঠানের বিরল ছবি, ছবির স্থির চিত্র, লবি কার্ড, অপ্রকাশিত ছবির বিজ্ঞাপন, ডাক টিকিট সহ আরও অনেক কিছু।

আড়াই দশক ধরে সুদীপ্ত সংগ্রহে রেখেছেন বাংলা চলচ্চিত্রের বিরল দলিল
ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তনী সুদীপ্ত চন্দ ছাত্র থাকাকালীনই চলচ্চিত্র পোস্টারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। পরে নিজের বিদ্যালয়ে সরস্বতী পুজোয় আয়োজন করেন বিশেষ প্রদর্শনীর। কখনও প্রবাদপ্রতিম সরোদীয়া পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, কখনও বিশিষ্ট সঙ্গীত পরিচালক -যন্ত্র সঙ্গীত শিল্পী ভি.বালসারা বিদ্যালয়ে এসে সুদীপ্তের কাজের প্রশংসা করেছেন।সুদীপ্ত চন্দ জানান, দীর্ঘ দু’দশক ধরে একটা ভালোবাসাকে সযত্নে লালন পালন করে আসছি। মূলত ছবির পোস্টার সংগ্রাহক হিসেবেই আমার পরিচিতি। ভবিষ্যৎ প্রজন্ম যাঁরা চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন, আগ্রহ রাখেন তাঁরা এগুলো দেখলে একটা সময় সম্পর্কে ধারণা করতে পারবেন। সংগ্রহের সঙ্গে সংরক্ষণ এবং প্রচার এর ফলে মানুষ অনেক বেশি করে ইতিহাস সম্পর্কে সচেতন হন, আগ্রহী হন। নানা সময়ে আয়োজিত এরকম প্রদর্শনী নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আমাদের গৌরবময় অতীত সম্পর্কে জানাতে সাহায্য করে। সুদীপ্তকে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ শুভেচ্ছা বার্তা পাঠান লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, সোমনাথ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিদ্ধার্থ শঙ্কর রায় প্রমুখ।দু’দশক ধরে চলচ্চিত্রের পোস্টার ও নানা প্রচার মাধ্যম নিয়ে সংগ্রহ পাশাপাশি প্রদর্শনী, ক্যালেন্ডার প্রকাশ করে চলেছেন এককভাবে। কখনও অমিতাভ বচ্চন, কখনও রাহুল দেব বর্মন, কখনও কিশোর কুমার, কখনো বাংলার দিকপাল সুরকার বৃন্দ আবার কখনও সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এমন নানা বিষয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন সুদীপ্ত চন্দ।





