ঋতব্রত’র বিরোধী দলনেতা পদ খারিজ

৩৬৫ দিন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকার যোগ্য নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রাজ্য বিধানসভার অধ্যক্ষকে সাংবিধানিক নিয়ম মেনে রাজ্যের নতুন বিরোধী দলনেতা নির্বাচন করতে হবে। ভারতীয় রাজনীতির ইতিহাসে কার্যত নজিরবিহীন ভাবে বিধানসভার অধ্যক্ষের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করে এমন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে আজ থেকেই বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পদ খারিজ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে অধ্যক্ষকে নতুন করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে বিগত প্রায় তিন দশকের মধ্যে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গ বিধানসভায় আপাতত রইলেন না কোন বিরোধী দলনেতা। এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সিপিএম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলেও প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য ন্যূনতম ৩০ আসনে জয়ী হতে পারেনি তৃণমূল। যদিও পরে একটি বিধানসভা উপনির্বাচনে বিজয়ী হয়ে বিরোধী দলনেতার পদ পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল।
শোভনদেবের মামলা ও আদালতের শুনানি
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবারে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার অর্জন করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল জিতেছিল ৮০ আসনে। ৪ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর ৯ মে বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন অভিষেক। ওই চিঠির ভিত্তিতে অধ্যক্ষ কোনও পদক্ষেপ নেননি। এরই মধ্যে চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। এর দু’দিন পর, ৩ জুন দলের তৃণমূল বি-শিবিরের বিধায়কেরা বহিষ্কৃত ঋতব্রতকেই বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে নতুন চিঠি জমা দেন। সেই চিঠির ভিত্তিতেই অধ্যক্ষ ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। অধ্যক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
গত ১৬ নভেম্বর মামলার শুনানিতে অধ্যক্ষের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। প্রশ্ন তুলেছিলেন, ৭৮ জন বিধায়কের দাবি উপেক্ষা করে কী ভাবে ৫৪ বা ৫৬ জন বিধায়কের বক্তব্যকে বেশি গুরুত্ব দেওয়া হল? বিরোধী পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না কি? কোনও রাজনৈতিক দলের নিজস্ব সংবিধান ও সিদ্ধান্তকে কি অধ্যক্ষ এড়িয়ে যেতে পারেন?
রায়কে স্বাগত মমতা তৃণমূলের
হাইকোর্টের এই রায়ের পরে মমতা তৃণমূলের বিধায়ক তথা মামলাকারী শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার অধ্যক্ষকে চিঠি দেওয়া সত্ত্বেও শোভনদেব চট্টোপাধ্যায়কে শুনানির কোনও সুযোগ না দিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন স্পিকার। আর বিধানসভায় গণতান্ত্রিক তৃণমূল বলে কোনও দল নথিভুক্ত নেই। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামই নথিভুক্ত আছে। শোভনদেব বলেন, যা হয়েছে, তা হওয়া উচিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং সেখানে ঋতব্রত শিবিরের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজেপি এবং স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কুণাল ঘোষ বলেন, বিজেপি দল ভাঙানোর খেলায় মেতেছিল। দুর্ভাগ্যের বিষয় স্পিকারের চেয়ারটা এখানে ব্যবহার হয়েছিল। আমরা স্পিকারের চেয়ারের কাছে নিরপেক্ষতা আশা করেছিলাম, কিন্তু বার বার অধ্যক্ষের চেয়ার প্রমাণ করে দিয়েছে স্পিকার ঠিক কাজ করেননি। এবার আশা করছি আদালতের রায় থেকে শিক্ষা নিয়ে অনৈতিক ভাবে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা বদলে যেটা আইনে হয় সেই মাফিক সিদ্ধান্ত নেবেন।
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
এই রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমার যতটুকু জানা, ডিটিএমসি-র বিধায়ক সংখ্যাই বেশি। স্পিকার কী সিদ্ধান্ত নেবেন, সেটা সম্পূর্ণ তাঁর বিষয়। তবে আমার জানা অনুযায়ী, যে দলের পক্ষে বিধায়কের সংখ্যা বেশি থাকে, বিরোধী দলনেতার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সেই সংখ্যাই গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূলের অস্তিত্বই আর নেই। তাই স্পিকারের উচিত, যে পক্ষের বিধায়ক সংখ্যা বেশি, তাদেরই বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া।
দার্শনিক প্রতিক্রিয়া ঋতব্রতর
কলকাতা হাইকোর্টের এই রায়ের পরে সরাসরি কোন মন্তব্য না করে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিখ্যাত ইংরেজ কবি শেলীর ওল্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের লাইন আউড়ে বলেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? অর্থাৎ যদি শীতকাল আসে তাহলে বসন্তকে খুব পিছিয়ে থাকে? এখন আমরা ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। স্পিকার সময় দিলেই আমরা তাঁর কাছে যাব। স্পিকার যেদিন সময় দেবেন, অরূপ রায়ের নেতৃত্বে আমরা সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তাঁর সঙ্গে দেখা করব।

Scroll to Top