৩৬৫ দিন। ফেব্রুয়ারির পুনরাবৃত্তি হল নভেম্বরে। ফের পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটলো। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ কাটোয়া স্টেশনে এসে পৌঁছায় বর্ধমান কাটোয়া লোকাল। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনটি ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল। রাতে আচমকা ট্রেনের একটি ভেন্ডার বগিতে আগুন লেগে যায়। কয়েকজন যাত্রী আগুন দেখে রেল পুলিশকে খবর দেয়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ভেন্ডার কামরা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কী ভাবে আগুন লাগলো সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে জিআরপি। কিন্তু সন্দেহ দানা বাঁধছে অন্য জায়গায়। চলতি বছর ফেব্রুয়ারি ঠিক এক ঘটনা ঘটেছিল কাটোয়া স্টেশনে। সে বার-ও একটি ট্রেন সান্টিংয়ের আগে ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল। আচমকা সেই ট্রেনে ভয়কর আগুন লাগে। সেই সময় রেল জানিয়েছিল যান্ত্রিক কোনও ত্রুটি যা থেকে আগুন লাগতে পারে এমন কিছু তারা খুঁজে পায়নি। তবে সেই ঘটনার তদন্ত এখনো চলছে তার আর কোনও রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তার মধ্যেই এবার ফের দাঁড়িয়ে থাকা ট্রেনে রহস্যজনক ভাবে মাঝরাতে আগুন লেগে গেল। বিশেষজ্ঞরা বলছেন, দাঁড়িয়ে থাকা ট্রেনে নিজে থেকে আগুন লাগার সম্ভবনা বেশ কম। এক যদি না ওই কামরায় শট সার্কিট হয়ে থাকে। তবে ট্রেন না চললে সেই সম্ভবনাও বেশ কম। তাই এমন হতেই পারে কেউ ওই কামরায় কিছু জ্বালিয়েছিল সেই আগুন কোনো ভাবে ছড়িয়ে পড়ে। নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছিল কি না তা তদন্ত শেষ না হলে বলা কঠিন তবে একই স্টেশনে বার বার দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগা কাকতালীয় হতে পারে না।
ফেব্রুয়ারির পুনরাবৃত্তি হল নভেম্বরে
কাটোয়া স্টেশনে ফের ট্রেনে আগুন
- khabar365din
- November 27, 2026
- 3:13 pm
- No Comments





