মেয়েদের হকিতে মালয়েশিয়াকে ৬ গোল, আজ ফাইনালে সামনে চিন

ভারত – ৬
মালয়েশিয়া – ২

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের মাটিতে শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল ভারতের মহিলা হকি দল এবং মালয়েশিয়া। শক্তির বিচারে ভারতের মেয়েরা অনেক এগিয়ে থেকে শুরু করেছিল। তাছাড়া আজকের আগে পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে জিতে মাঠ ছেড়েছিল তারা। আজকেও জিতল মেয়েরা। ভারতের পক্ষে ব্যবধান ৬-২। পৌঁছে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। আজ শনিবার সন্ধ্যায় ফাইনালে ভারতের মুখোমুখি চিন। রাউন্ড রবিন লিগের ম্যাচে যাদের বিরুদ্ধে ভারত জিতেছিল ৬-২ ব্যবধানে। কিন্তু রাউন্ড রবিন ম্যাচ আর ফাইনাল এক নয়। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল জাপানের মেয়েরা এবং চিন। সেখানে কিন্তু অভিজ্ঞতায় অনেক এগিয়েছিল জাপান। কিন্তু চিন গোটা ম্যাচ দুর্দান্ত লড়াই করল এবং শেষ পর্যন্ত একেবারেই অন্তিম লগ্নে ১-০ জিতে নিল ম্যাচটা। তবে ভারতের হকিপ্রেমীদের জন্য ভালো খবর ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করবে ভারত। তবে ভারতের কোচ মারিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফাইনালে কিন্তু চিন জোরদার লড়াই করবে। ভারতের মেয়েরা জানে কার কি কর্তব্য। আজ মালয়েশিয়াকে হাফডাজন দিলেও ডিফেন্সের ভুলে দুটি গোল হজম করতে হয়েছে। এটা নিয়ে খুশি নন ভারতীয় কোচ। তবে বেশ কয়েকজন নতুন মুখ ভারতীয় দলে উঠে এসেছে। নতুন খেলোয়াড়রা ভুল করতে করতেই শিখবে। তাই কাউকে আলাদা করে দোষ দিতে রাজি নন ডাচ কোচ। আজ ভারতের হয়ে গোল করেন মমতাজ খান, দুটি গোল দীপিকার, একটি করে গোল সুনেলিতা, নবনিত এবং ঈশিকার। মালয়েশিয়ার হয়ে একটি করে গোল করেন নুর এবং জুলকিফলি। ভারতের অধিনায়ক সেলিমা গোটা ম্যাচে দুর্দান্ত নেতৃত্ব দিলেন। তবে আজ অসাধারণ হকি খেলেছেন ভারতের নবনিত কৌর। মাঝে মাঝে তার একার দক্ষতায় ২-৩ জন মালয়েশিয়ার ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকে যাচ্ছিলেন। দীপিকার এখন পর্যন্ত এই টুর্নামেন্টের দশটা গোল হয়ে গেল। ভারতের অধিনায়ক সেলিমা বলেন মালয়েশিয়া লড়াকু দল। তবে আমরা টানা ছটা ম্যাচ জয় করে ফাইনাল খেলতে নামব। আশা করব সমর্থকরা যেমন প্রত্যেক ম্যাচে আমাদের জন্য গলা ফাটিয়েছে ফাইনালেও সেটাই করবেন। কথা দিচ্ছি নিজেদের সব উজাড় করে দেব। চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক করার স্বপ্ন দেখছি অস্বীকার করব না। নিজেদের যোগ্যতার উপর বিশ্বাস আছে আমাদের।

Scroll to Top