আমার মাকে হত্যার চক্রান্ত চলছে, আমার পরিবারের উপরে আঘাত এলে পুলিশ প্রশাসনকে ছেড়ে কথা বলবো না, দরকার হলে রিজাইন করব – সরাসরি রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা রেখা পাত্রের

৩৬৫ দিন। আমার মাকে হত্যার চক্রান্ত চলছে। আমার পরিবারের উপরে কোন আঘাত এলে রাতের পুলিশ প্রশাসন বা সরকারকে ছেড়ে কথা বলবো না। দরকার হলে রিজাইন করব। এভাবেই আজ আরও একবার রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র। পড়াশোনা জানেন না বলে খোদ নিজের দলের নেতাদের কাছেই অপমানের শিকার হন বলে প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন তিনি। এবার আর রাখঢাক না করে সরাসরি বিজেপি ছাড়ার হুমকি দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। কদিন আগেই বসিরহাটের সাংগঠনিক জেলা সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।
রেখার অভিযোগ, সন্দেশখালির বউ ঠাকুরানি এলাকায় তাঁদের বাপের বাড়ি। সেখানে তাঁর মা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের অন্ধকারে মুখ বাঁধা কয়েকজন বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাঁর মাকে মারধরের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় শরিক নস্কর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
বিজেপি শাসিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে পক্ষপাত মূলক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রেখা পাত্রের দাবি, আমার মা একা থাকেন। তাঁকে মারার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের গোটা পরিবার অত্যাচারের শিকার। আমার পরিবারের উপরে যদি কোনও আঘাত আসে, তাহলে পুলিশ-প্রশাসনকে ছেড়ে কথা বলব না। শুধু তাই নয় রাজ্যের পুলিশ মন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে, সেখানে কার্যত পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তুলে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকার প্রশ্ন, আমার মাকে মারার চেষ্টা হচ্ছে, সরকার কি পদত্যাগ করবে?
তবে সরাসরি নিজের দলের সরকার এবং দলের সংগঠনিক নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে এমন অভিযোগ করলেও তার বিরুদ্ধে দল কোন ব্যবস্থা নেওয়ার আগেই প্রয়োজনে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে রাজি বলেও জানিয়ে দিয়ে রেখা পাত্রের হুঁশিয়ারি, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে বা সরকার তাঁকে সাসপেন্ড করতে চাইলে তিনি নিজেই পদত্যাগ করতে প্রস্তুত। রেখা বলেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে কিংবা সাসপেন্ড করতে চাইলে আমি নিজেই ইস্তফা দিতে তৈরি।

Scroll to Top