৩৬৫ দিন।রানি দত্ত শর্মা।পাহাড়ের গায়ে সবুজের সমারোহ, মনোরম আবহাওয়া আর চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য-সব মিলিয়ে উটি ভারতের অন্যতম জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র। বছরের প্রায় সব সময়ই এখানকার আবহাওয়া আরামদায়ক। রোম্যান্টিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা এই পাহাড়ি শহর। শহরের কোলাহল ও ব্যস্ত জীবন থেকে কয়েক দিনের মুক্তি পেতে বহু মানুষ ছুটে আসেন উটিতে। পর্যটকদের ভিড় থাকলেও পাহাড়ের কোলে এখনও এমন অনেক শান্ত ও নিরিবিলি জায়গা রয়েছে, যেখানে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো যায়। পশ্চিমঘাট বা নীলগিরি পাহাড়ের সৌন্দর্য, চা-বাগান, পাইন গাছের বন এবং সবুজ উপত্যকা উটিকে করে তুলেছে অনন্য।উটি বেড়াতে গেলে থাকার জন্যও রয়েছে নানা সুন্দর ব্যবস্থা। প্রকৃতির কাছাকাছি থেকে পাহাড়ি পরিবেশ উপভোগ করতে চাইলে কয়েকটি জায়গা বিশেষভাবে নজর কাড়ে।
ঐতিহ্যের আবহে স্যাভয়
১৮২৯ সালে প্রতিষ্ঠিত স্যাভয় উটির একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী থাকার জায়গা। পুরনো দিনের ঔপনিবেশিক স্থাপত্য ও পরিবেশ আজও এখানে অনুভব করা যায়। চারপাশে সবুজ প্রকৃতির মাঝে এই জায়গায় থাকলে পুরনো দিনের আবহের সঙ্গে প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করা যায়।
পাহাড়ের চূড়ায় স্টার্লিং ফার্ন হিল
প্রায় সাত একর জায়গা জুড়ে পাহাড়ের উপরে গড়ে উঠেছে এই থাকার ব্যবস্থা। এখান থেকে দেখা যায় নীলগিরি পাহাড়ের অসাধারণ দৃশ্য। বিখ্যাত পাহাড়ি ছোট ট্রেনের চলাচলও চোখে পড়ে। চা-বাগান, ধাপচাষের জমি ও পাইন বনের মাঝে শান্ত পরিবেশে সময় কাটানোর সুযোগ রয়েছে এখানে।
শহরের কাছেই সুলিভান কোর্ট
পরিবার নিয়ে উটি বেড়াতে গেলে এই জায়গাটি বেশ সুবিধাজনক।শহরের মূল কেন্দ্র থেকে খুব বেশি দূরে নয়। আরামদায়ক পরিবেশের পাশাপাশি চারপাশের সুন্দর পাহাড়ি দৃশ্যও এখানে উপভোগ করা যায়। প্রথমবার উটি বেড়াতে আসা পর্যটকদের জন্যও এটি উপযুক্ত।
ঘন জঙ্গলের মাঝে অ্যাকর্ড হাইল্যান্ড
উটির ঘন সবুজ জঙ্গলের মাঝে অবস্থিত এই থাকার জায়গাটি প্রকৃতিপ্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করে। এখান থেকে দেখা যায় সুন্দর উপত্যকা। আধুনিক সুযোগসুবিধার সঙ্গে ঐতিহ্যবাহী পরিবেশের সুন্দর মেলবন্ধন রয়েছে এখানে।গোয়েন্দা গল্পের আবহে শার্লক হোটেল অন্যরকম অভিজ্ঞতার জন্য রয়েছে শার্লক হোটেল। বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমসের গল্প থেকে অনুপ্রাণিত এই পুরনো বাড়ির আদলে তৈরি থাকার জায়গার সাজসজ্জায় রয়েছে রহস্য ও পুরনো দিনের আবহ।সব মিলিয়ে পাহাড়, সবুজ, শান্ত পরিবেশ এবং সুন্দর থাকার জায়গার টানে উটি আজও পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। প্রকৃতির কোলে কিছুটা শান্ত সময় কাটাতে চাইলে নীলগিরির এই পাহাড়ি শহর হতে পারে আদর্শ ঠিকানা।
পুজোর ছুটিতে ঘুরে আসুন উটি
নীলগিরির নিরিবিলিতে কাটানোর
জন্য সেরা ৫ বিলাসবহুল আস্তানা





