পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিষ্ণুপুরে

৩৬৫ দিন। পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে। বিষ্ণুপুর থানার অন্তর্গত বাখরাহাটের বাসিন্দা পালান রায় সোমবার সকালে স্থানীয় এক বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তার কাজ দেখতে গিয়েছিলেন। স্থানীয়দের দাবি, এই সময় কোনো বিষয়ে ওই বিজেপি নেতার সঙ্গে তার বচসা হয়। দুজনের মধ্যে এক দফা মারামারি হয় পরে পুলিশ পালানকে গ্রেফতার করে বিষ্ণুপুরের বাখরাহাট তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অসুস্থ হয়ে পড়েন পালান হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশ বাখরাহাট ঠাকুরপুকুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।‌ নিহতের পরিবারের অভিযোগ পুলিশ হেফাজতে পিটিয়ে মারা হয়েছে পালানকে। তারা বলছেন পালানকে যখন গ্রেফতার করা হয় তখন বার বার বলা হয়েছিল সে হার্টের রোগী, পেসমেকার বসানো আছে। তাকে আগে হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিন্তু কোনো কথা না শুনে তাকে তদন্ত কেন্দ্রে নিয়ে গিয়ে মারধর করা হয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, পালান মদ্যপ অবস্থায় ছিল।‌ অতিরিক্ত মদ্যপানের জেরে হার্ট ফেল করে তার মৃত্যু হয়। জেলা‌ পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পুলিশ হেফাজতেই মৃত্যু হয়েছে এমন কোনও প্রমাণ এখনো তদন্তে উঠে আসেনি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Scroll to Top