দুর্গাপূজা উদ্যোক্তাদের শর্তসাপেক্ষে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩৬৫ দিন। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে যোগ্য পুজো কমিটি গুলিকে ১ লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুর্গাপুজো কমিটিগুলির পাশাপাশি রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের আধিকারিকদের নিয়ে বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, এই অনুদান নেওয়া সম্পূর্ণ বাধ্যতামূলক নয়। বড় বাজেটের পুজোগুলিকে সরকারি সাহায্য না নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। পাশাপাশি পুজোর মণ্ডপগুলিতে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদ উভয় ক্ষেত্রেই বিদ্যুৎ মাসুল ১০০ শতাংশ মকুব করা হয়েছে। ফায়ার ব্রিগেডের লাইসেন্সের জন্যও কোনো ফি দিতে হবে না। পাশাপাশি, পুজোর দিনগুলিতে যে সমস্ত পুলিশ, দমকল, স্বাস্থ্য, পরিবহন কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা দিনরাত পরিষেবা দেবেন, তাঁদের জন্য উৎসব শেষে সবেতন দু’দিনের অতিরিক্ত ছুটির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। তবে পুজো কমিটিগুলির জন্য বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও শান্তিতে পুজো উদযাপনের জন্য বেশ কয়েকটি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পুজো বা বিসর্জন-কোথাও ডিজে বক্স বাজানো যাবে না। কোনও অবস্থাতেই জাতীয় সড়ক আটকে পুজোর আয়োজন করা যাবে না। রেড রোড, স্ট্র্যান্ড রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড ও লেনিন সরণি সহ কলকাতার ১৩ গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে কোনো পুজো করা যাবে না। মহাষ্টমীর দিন রাজ্যে সমস্ত মদের দোকান ও বার বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো হওয়ায়, ২৪ অক্টোবরের মধ্যেই সমস্ত প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।এবারের দুর্গাপুজো সম্পূর্ণ পবিত্রতা ও সনাতন ঐতিহ্য বজায় রেখেই রাজ্যে পালন করা হবে। প্রতিমা, প্যান্ডেল বা থিম নির্মাণে এমন কিছু করা যাবে না যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। সরকারি শারদ সম্মান প্রদানের ক্ষেত্রে বিচারকমণ্ডলীতে সম্পূর্ণ নিরপেক্ষ ও পুজোর শাস্ত্রীয় এবং সাংস্কৃতিক জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিদের রাখা হবে।
বন্ধ পুজো কার্নিভাল
বিগত কয়েক বছর ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে যে দুর্গা পুজো কর্নিভাল শুরু করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজোয় বন্ধ হচ্ছে সেই কার্নিভাল। তবে কার্নিভাল বন্ধ হলেও মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে দেবী দুর্গাকে আবাহনের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। মহালয়ার বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
১১ হাতের দুর্গা প্রসঙ্গে
আজ সকালে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে পূজো প্রস্তুতি কমিটির বৈঠকের জন্যে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেখানে দেবী দুর্গার হাতের সংখ্যা ১১! এই নিয়ে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের শুরুতেই দুঃখ প্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করে বলেন, আজকের একটা ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন বেরিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সঙ্গে এই বিজ্ঞাপন তৈরির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। ভবিষ্যতে সরকারি প্রচার বা বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রশাসন আরও বেশি যত্নবান থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Scroll to Top