৩৬৫ দিন। ইলিশ খাওয়ার দুর্নিবার লোভ, কিন্তু পকেটে রেস্ত নেই! সেই লোভ মেটাতে অভিনব উপায়ে বাজার থেকে প্রায় চার হাজার টাকার মাছ হাতানোর অভিযোগ উঠেছিল মধ্যমগ্রামের এক প্রৌঢ়ার বিরুদ্ধে। তবে শেষ রক্ষা হলো না। নিউ ব্যারাকপুর বাজারে ফের ভোলা মাছ কিনতে গিয়ে ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে গেলেন সেই অভিযুক্ত। ধৃত মহিলার নাম মনীষা ঘোষ (বয়স প্রায় ৬০)। পরে মধ্যমগ্রাম থানার পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহের মাঝামাঝি সময়ে। মধ্যমগ্রাম সোদপুর রোডের কালীবাড়ি সংলগ্ন অমলেন্দু স্মৃতি ব্যবসায়ী সমিতির বাজারে আসেন ওই প্রৌঢ়া। মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাসের কাছ থেকে প্রায় দেড় কেজি ওজনের একটি সুস্বাদু ইলিশ পছন্দ করেন তিনি, যার দাম ছিল ৩৭০০ টাকা। কিন্তু মাছ নেওয়ার পর জানান, তাঁর সঙ্গে নগদ টাকা নেই। কাঠগোলার দিকে তাঁর নিজের দোকান রয়েছে দাবি করে ব্যবসায়ীর এক ভাইকে সঙ্গে নিয়ে রিকশায় রওনা দেন। অভিযোগ, পথেই কৌশলে ব্যবসায়ীর ভাইয়ের কাছ থেকে আরও ৩০০ টাকা ধার নেন তিনি। এরপর একটি দোকানের সামনে রিকশাচালক ও ওই যুবককে টাকা নিয়ে আসার কথা বলে নামিয়ে দিয়েই চম্পট দেন প্রৌঢ়া। মাছ ও নগদ টাকা হারিয়ে প্রসেনজিৎবাবু স্থানীয় বাজার কমিটিতে খবর দেন। সিসিটিভি ফুটেজ দেখে প্রৌঢ়াকে চিহ্নিত করা হয় এবং আশপাশের সমস্ত বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে তাঁর ছবি ছড়িয়ে দেওয়া হয়।




