মাটির বাড়ি ধসে সর্বস্বান্ত মা-মেয়ে

৩৬৫ দিন। মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল। হঠাৎ মাটির বাড়ি ধসে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় গ্রামবাসীরা। মর্মান্তিক এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়িতে থাকা মা ও মেয়ে।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ১ নম্বর ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, সাহারা খন্দকার তাঁর মেয়েকে নিয়ে ওই মাটির বাড়িতে বসবাস করেন। পরিবারের দাবি, তাঁদের পাশে থাকার মতো পরিবারের পুরুষ সদস্য বা স্বামী নেই। ফলে বাড়িটি ধসে পড়ার পর কার্যত অসহায় হয়ে পড়েছেন মা ও মেয়ে।বাড়ি ধসের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন জামাইও। বাড়ি থেকে প্রয়োজনীয় সরঞ্জাম বের করে ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত লাগান তিনি। পাশাপাশি প্রতিবেশী ও গ্রামবাসীরাও তাঁদের সাহায্যে এগিয়ে আসেন।বাড়ির একটি বড় অংশ ধসে পড়ায় এখন মা-মেয়ের মাথা গোঁজার মতো নিরাপদ আশ্রয়ও নেই বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।এই পরিস্থিতিতে পরিবারের আবেদন—সরকারি প্রশাসনের পক্ষ থেকে যদি কোনওভাবে আর্থিক সহায়তা বা নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে বিপদের মধ্যে থাকা মা-মেয়ের অনেকটাই উপকার হবে।ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে উদ্বেগের ছায়া। এখন প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Scroll to Top