৩৬৫ দিন। সুমন আদক। লিলুয়া স্টেশনে লিফট বিভ্রাটে বিপত্তির জেরে চলন্ত অবস্থায় লিফটের মধ্যেই আটকে পড়েন ৯ যাত্রী। শেষমেশ বহু কসরতে বেলুড় জিআরপি-র তৎপরতায় অক্ষত অবস্থায় সকলকেই উদ্ধার করা সম্ভব হয়। শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে আচমকা ওই লিফট বিকল হয়ে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে থাকা লিফটের ভিতর আটকে পড়েন মোট ন’জন যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন দু’জন সত্তরোর্ধ্ব বৃদ্ধ, একাধিক মহিলা এবং এক শিশুও ছিল। আচমকা লিফট থেমে যাওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ভিতর থেকে শুরু হয় সাহায্যের জন্য চিৎকার। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে যাত্রীদের নিয়ে লিফটটি নীচের দিকে নামছিল। আচমকাই সেটি বিকল হয়ে প্ল্যাটফর্মের নীচের অংশে আটকে যায়। বেশ কিছুক্ষণ লিফটের ভিতরে আটকে থাকার পর যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। খবর পৌঁছায় বেলুড় জিআরপি-র কাছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল পুলিশের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে লিফটের দরজার একাংশ খুলে একে একে সমস্ত যাত্রীকে বাইরে বের করে আনা হয়। এদিকে, দীর্ঘক্ষণ আটকে থাকার পর নিরাপদে বেরিয়ে আসতে পেরে স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যেও।
রেল পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া ন’জন যাত্রীর প্রত্যেকেই সুস্থ ও অক্ষত রয়েছেন। তবে আচমকা লিফটটি কেন বিকল হয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।




