৩৬৫ দিন। সুমন আদক। একইদিনে হাওড়ার বেলুড় ও নিশ্চিন্দা থানা এলাকায় দুটি পৃথক জায়গা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে লিলুয়ার মাতোয়ালা চৌরাস্তা এলাকায় হাইড্রেন থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়। অন্যদিকে, নিশ্চিন্দা থানার অন্তর্গত লিলুয়ার খ্রিষ্টানপাড়ায় শেওড়াপোতা খাল থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। দুটি ঘটনাতেই পৃথকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার সাতসকালে লিলুয়ার মাতোয়ালা চৌরাস্তা এলাকায় হাইড্রেনের মধ্যে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলুড় থানার পুলিশ। পরে হাইড্রেন থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চালানো হচ্ছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল এবং কীভাবে তাঁর দেহ হাইড্রেনে এসে পড়ল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে। অন্যদিকে, একইদিনে নিশ্চিন্দা থানার অন্তর্গত লিলুয়ার খ্রিষ্টানপাড়ায় শেওড়াপোতা খাল থেকে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা সকালে সেন্ট লুক চার্চের বিপরীতে খালের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিশ্চিন্দা থানার পুলিশ। পরে খাল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শ্রীরাম স্বর্ণকার (৪৪)। তিনি নিশ্চিন্দার বাসুকাটি, আনন্দনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। খালে পড়ে গিয়ে দুর্ঘটনার জেরেই তাঁর মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি কীভাবে খালের মধ্যে এসে পড়ল, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে খবর। একইদিনে লিলুয়া ও নিশ্চিন্দায় পৃথক দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একইদিনে হাওড়ায় পৃথক দুই ঘটনায় দুই ব্যক্তির দেহ উদ্ধার
তদন্তে বেলুড় ও নিশ্চিন্দা থানার পুলিশ
- khabar365din
- August 23, 2026
- 2:33 pm
- No Comments





