৩৬৫ দিন। দমদমের শেঠবাগানের এক আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে বাবা ও পালিত পুত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে
এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে গ্যাসের দুর্গন্ধের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বারবার ডাকাডাকি করেও ভিতর থেকে কোনও সাড়া না মেলায়, শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত তপনকুমার চট্টোপাধ্যায়(৭২) একটি বেসরকারি ব্যাঙ্কের প্রাক্তন কর্মী। ফ্ল্যাটে তাঁর সঙ্গে থাকতেন পালিত পুত্র এম ডি হোসেন ওরফে সূর্য (২২)। সন্তান না হওয়ার কারণে সূর্যকে দত্তক নিয়ে বড় করেছিলেন তপনবাবু । শুক্রবার দুপুরে নাগেরবাজার থানায় খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে
ভিতরে ঢুকে দু’টি পৃথক ঘর থেকে দু’জনের নিথর দেহ উদ্ধার করে। রান্নাঘরে গ্যাসের বার্নারের নব খোলা পাওয়া গেলেও, মৃত্যুর সঠিক কারণ
এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, প্রতিবেশীদের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না বাবা-ছেলে। শুক্রবার সকাল থেকে অস্বাভাবিকতা টের পাওয়া যায়। খবরের কাগজ দরজার সামনে পড়ে থাকে, দুধওয়ালাও দুধ দিতে পারেননি। বাজার নিয়ে পরিচারিকা এসে সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দিলে সন্দেহ আরও জোরালো হয়। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায়, ভিতরের দরজা বন্ধ থাকলেও বাইরে তালা দেওয়া ছিল না। তপনকুমারের শরীরে আঘাতের চিহ্ন মেলায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পাশের ঘর থেকে মিলেছে পালিত ছেলের দেহ। তবে গ্যাসের নব খোলা থাকলেও, তপনকুমারের শরীরে আঘাতের চিহ্ন থাকায় রহস্য কাটছে না। মৃত্যুর সঠিক সময় কখন, আর ঘটনার নেপথ্যে অন্য কারও ভূমিকা রয়েছে কিনা, তা এখনও ধোঁয়াশায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। নাগেরবাজার থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
রান্নাঘরে গ্যাস বার্নার খোলা, ঘরে পড়ে বাবা ছেলের মৃতদেহ
- khabar365din
- November 14, 2026
- 2:37 pm
- No Comments






