নজর কাড়ল ৫২ ফুটের ‘মা ভবতারিণী ঝংকার’-এর অভিনব নিরঞ্জন

খবর ৩৬৫। বিশ্বজিৎ ব্যানার্জী।  সাধারণত কালীপ্রতিমা থেকে শুরু করে সমস্ত দেবদেবীর মূর্তিই গঙ্গা কিংবা স্থানীয় কোনো নদী বা জলাশয়ে নিরঞ্জন দেওয়া হয়। কিন্তু নদিয়ার ফুলিয়ার নতুন বুঁইচা এলাকায় দেখা গেল এক সম্পূর্ণ ব্যতিক্রমী ও অভিনব চিত্র। বিশালাকার মূর্তির কারণে নদীতে নিয়ে যাওয়ার পরিবর্তে শ্যালো মেশিনের পাইপের জল দিয়ে ধুয়ে গলিয়ে বিসর্জন দেওয়া হলো ৫২ ফুটের বিশালাকার কালীপ্রতিমা। স্থানীয় মানুষজনের কাছে দেবী ‘মা ভবতারিণী ঝংকার’ নামে পরিচিত। চলতি বছরে ২০তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পুজো। স্থানীয় গৃহবধূ পিয়ালী হাজরা বিশ্বাস বলেন , বিসর্জনের মূল পর্ব শুরু হওয়ার আগে গ্রামে এক বিশেষ ধর্মীয় আচার পালিত হয়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে পুজো কমিটির মহিলারা মায়ের ঘট মাথায় নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করেন। এরপর স্থানীয় পুকুর থেকে সেই ঘটে করে পবিত্র জল এনে মায়ের চরণে ঢালা হয়। নিয়ম মেনে দেবীকে বরণ, সিঁদুর পরানো এবং ভোগ নিবেদনের পরই শুরু হয় আসল বিসর্জন পর্ব। ৫২ ফুটের এই সুবিশাল প্রতিমা সাধারণ পদ্ধতিতে সরানো বা জলে ভাসানো অসম্ভব হওয়ায় শ্যালো মেশিন ও পাইপের সাহায্যে জল ছিটিয়ে মাকে গলিয়ে নিরঞ্জন দেওয়া হয়। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে চলে এই অভিনব বিসর্জন প্রক্রিয়া, যা চাক্ষুষ করতে দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমান।
শুধুমাত্র কালীপুজোর দিনেই নয়, গ্রামবাসীদের সহযোগিতায় মায়ের স্থায়ী বেদিতে প্রতি অমাবস্যাতেই নিয়মিত পুজো-অর্চনা হয়। পুজোকে কেন্দ্র করে এলাকায় বসে জমজমাট মেলাও।

Scroll to Top