৩৬৫ দিন। সৌমেন ব্যানার্জী। দুর্গাপুর। জমি বিবাদকে কেন্দ্র করে খুন! ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দুর্গাপুর ফরিদপুর থানার অন্তর্গত জব্বর পল্লীতে ৩৬ বছর বয়সি এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে মারধর করে শ্যাম কুমার দাস নামে ওই যুবককে হত্যার অভিযোগ উঠেছে বিজয় নন্দী ও প্রসূন পাণ্ডের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জব্বর পল্লী এলাকায় চলছিল ঠাকুর বিসর্জন। সেই সময় কয়েকজন বন্ধুর সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন শ্যাম কুমার দাস। অভিযোগ, পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে আচমকাই অজয় ও বিজয় নন্দীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, এরপরই শ্যামের উপর চড়াও হয় দুই ভাই। ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর মৃতের পরিবারের তরফে ফরিদপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দুই ভাইকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী রণজয় মণ্ডল অভিযোগ করেন,”পুরনো শত্রুতা ছিল সেই থেকেই শ্যামের সাথে বচসা। তারপরেই তাকে ওরা মারধর করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং বলেন,”বাঁশ দিয়ে মারা হয়েছে। ওই যুবকের মৃত্যু হয়েছে। দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। গ্রেফতার হয়েছে। তদন্ত চলছে।”
জমি বিবাদকে কেন্দ্র করে যুবককে খুন, উত্তেজনা দুর্গাপুরে
- khabar365din
- November 12, 2026
- 3:38 pm
- No Comments





