ভারত: ১ (সুহেল)
মালদ্বীপ: ০
৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। যতই দুর্বল দল নিয়ে বাংলাদেশে সাফ কাপ খেলতে যাক ভারত, বাংলাদেশের মাটিতে তারা খুব একটা খারাপ পারফর্ম করছে না। সেটা আজ আবার প্রমাণিত হল। পাকিস্তানকে হারিয়ে সাফ অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে নক আউটে পৌঁছে গেল ব্লু টাইগার্স। বুধবার ভারতের জয়ের নায়ক সুহেল ভাট। প্রথমার্ধে পেনাল্টি থেকে তাঁর করা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। গ্রুপ বি-তে পরপর দু’টি জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে নিজেদের কদম আরও মজবুত করল নৌশাদ মুসার দল। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের থেকে ৩ পয়েন্ট এগিয়ে ভারত। মোহনবাগান রিজার্ভ দলের হয়ে গত মরশুম থেকে অসামান্য খেলেছিলেন গোলরক্ষক প্রিয়াংশ দুবে। সেই পুরস্কার পেলেন।
বুধবার জাতীয় দায়িত্বে লেটার মার্কস নিয়ে পাশ করলেন। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। মাঝমাঠে ছোট ছোট পাসে খেলা তৈরি করে মালদ্বীপের রক্ষণে জায়গা খুঁজছিলেন ভারতীয় ফুটবলাররা। অন্যদিকে, নিজেদের অর্ধ থেকে বেরতেই হিমশিম খাচ্ছিল মালদ্বীপ। প্রথম ৩০ মিনিটে ভারত বলের দখল রেখেছিল ৬৩ শতাংশ। তবে একের পর এক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারছিল না ভারত। প্রথমার্ধের ৩৭ মিনিটে পেনাল্টি পায় ভারত। বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন আবদুল রাবেহ। তাঁকে ফাউল করেন মালদ্বীপের ইউসুফ। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ রেফারির। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সুহেল। বিপক্ষ গোলকিপারকে এক দিকে পাঠিয়ে বল জালে জড়িয়ে দেন মোহনবাগানের তরুণ ফুটবলার। চলতি প্রতিযোগিতায় এটি তাঁর তৃতীয় গোল। পাকিস্তানের বিরুদ্ধে দু’গোল করেছিলেন এই কাশ্মীরি ফুটবলার। বিরতির পরে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত। ব্রাইসনের পাস থেকে বক্সে ঢুকে শট নিয়েছিলেন পরিবর্ত হিসাবে নামা ইরফান ইয়াদওয়াড। গোল হয়নি। ৬৫ মিনিটে সুহেলের পরিবর্তে নামেন পিভি বিষ্ণু। ভারতের জার্সিতে এটিই তাঁর অভিষেক ম্যাচ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। বেশ কিছুক্ষণ বলের দখলও রাখে তারা। ৭৯ মিনিটে ফ্রিকিক থেকে বিপজ্জনক শট নিয়েছিলেন হামধান। তবে দুরন্ত সেভে ভারতকে বাঁচান গোলকিপার প্রিয়াংশ।
৮৪ মিনিটে মুজধান হাসানের শটও আটকে দেন তিনি।ইনজুরি সময়েও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মালদ্বীপ। বক্সের মধ্যে জাকিকে একা পেয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের ফুটবলাররা। কিন্তু দ্রুত এগিয়ে এসে তাঁর আবারও আটক দুবের দস্তানায়। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে গ্রুপ বি-তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি মালদ্বীপ। তবে ম্যাচ শেষে ভারতের কোচ নওশাদ মুসা জানিয়েছেন, তিনি আশাবাদী টুর্নামেন্ট যত এগোবে তত ভালো খেলবে তার ছেলেরা। এদিন শেষ দিকে বিষ্ণু নেমে বেশ কিছু ভালো মুভমেন্ট তৈরি করেছিলেন। ব্রাইসন ফার্নান্ডেজ ভালো খেলেন। সব মিলিয়ে ভারতের পারফরমেন্স একটু একটু করে উন্নত হচ্ছে।





