গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

খবর ৩৬৫। নদীয়া। শরীরচর্চা সেরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই তরুণ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নবদ্বীপের দেয়ারাপাড়া সংলগ্ন কর্মমন্দির মাঠের ঘাট এলাকায়। নিখোঁজ দুই যুবকের নাম আদিত্য সাহা (২০) ও সুরোজিৎ দে। আদিত্য নবদ্বীপের চটীর মাঠ পাল পাড়ার বাসিন্দা এবং সুরোজিতের বাড়ি দণ্ডপাণিতলা কাঁসারিপাড়ায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্মমন্দির মাঠে অনুশীলনের পর আদিত্য ও সুরোজিৎ দেয়ারাপাড়া ঘাটে স্নান করতে নামে। সকাল সোয়া ন’টা নাগাদ ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা স্কুলগাড়ির চালক দুলাল ঘোষ এক যুবককে পাড় থেকে মাত্র ১০ ফুট দূরে হঠাৎ তলিয়ে যেতে দেখেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সে ভেসে না ওঠায় তিনি মাঠে থাকা অন্যদের খবর দেন। অনুসন্ধানের পর ঘাটে দুই যুবকের সাইকেল ও মোবাইল ফোন পাওয়া যায়।
খবর পেয়ে দ্রুত ঘাটে আসেন নিখোঁজদের বন্ধু সোমনাথ ঘোষ ও পরিবারের সদস্যরা। সোমনাথবাবু জানান, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে দুর্ঘটনা ঘটলেও এবং থানায় দ্রুত জানানো সত্ত্বেও দীর্ঘ আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের তরফে কোনো রেসকিউ টিম বা ডুবুরি পৌঁছায়নি। বিপর্যয় মোকাবিলা দলের এই ঢিলেঢালা মনোভাবের কারণে নিখোঁজদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
নবদ্বীপের মতো জনবহুল তীর্থক্ষেত্রে এমন ঘটনা বারবার ঘটায় ক্ষুব্ধ এলাকাবাসী। সম্প্রতি অন্য একটি ঘাটেও একই দুর্ঘটনা ঘটেছিল। আমজনতা ও পুণ্যার্থীদের সুরক্ষার্থে নবদ্বীপে অবিলম্বে অন্তত চারজনের একটি স্থায়ী ডুবুরি দল মোতায়েনের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Scroll to Top