হরমনের হ্যাটট্রিক, মালয়েশিয়াকে উড়িয়ে দিল ভারত

ভারত – ৪
মালয়েশিয়া – ২

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। জাপানের মাটিতে মাস কয়েক আগে এশিয়ান গেমস ফাইনালে এই মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেদিন ভারতের পক্ষে ব্যবধান ছিল ৫-১। আজ নিজেদের ঘরের মাঠ পঞ্জাবে মালয়েশিয়ার বিপক্ষে আবার জয় পেল ভারত। এবার ব্যবধান ৪-২। টুর্নামেন্টে বাংলাদেশ, চিন, জাপানকে হারানোর পর আজ চতুর্থ জয় পেল ভারতীয় হকি দল। ভারত গোল করেছে ২৬ টি। খেয়েছে পাঁচটি। গোল পার্থক্য ভারতের পক্ষে ২১। যেটা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ। জলন্ধরের স্টেডিয়ামে রবিবারের সন্ধ্যায় নিজেদের দেশের খেলা দেখতে হাউজফুল করে দিয়েছিলেন সমর্থকরা। চারিদিকে জাতীয় পতাকা নিয়ে হাজির ছিলেন হকি প্রেমীরা। ভারতের প্রথম গোল পেনাল্টি কর্নার থেকে করেন অধিনায়ক হরমন। এরপর কাউন্টার আক্রমণ থেকে মালয়েশিয়ার আকিমোল্লা আনোয়ার সমতা ফিরিয়ে আনেন। কিন্তু পাল্টা চাপ দিতে থাকে ভারত। আবার একটা পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন ভারতীয় অধিনায়ক।
এরপর ভারতের হার্দিক বিপক্ষ দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে মালয়েশিয়ার বক্সে ঢুকছিলেন, তাকে ফেলে দেওয়া হয়। পেনাল্টি স্ট্রোক পেয়ে যায় ভারত। ভারতের পক্ষে তিন নম্বর গোল করেন হরমন। ভারতের পক্ষে আরও একটি গোল করেন সুখজিত। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে বিবেক সাগর ঢুকে পড়েন বিপক্ষ বক্সে। বাঁদিকে উঠে আসা সুখজিতকে বাড়িয়ে দেন। রিভার্স হিট জড়িয়ে যায় মালয়েশিয়ার জালে। হাত বাড়িয়েও আটকাতে পারেননি তাদের গোলরক্ষক। শেষ দিকে ভারতের অতি আত্মবিশ্বাসের দাম দিতে হয়। ভারতীয় ডিফেন্সের মুহূর্তের ভুলে দুই নম্বর গোলটি হজম করতে হয়। গোল করে যান মালয়েশিয়ার শেলো। ভারতীয় গোলরক্ষক কিষণ বাহাদুর পাঠক চেষ্টা করেও আটকাতে পারেননি। যাই হোক শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিল ভারত। সবার উপরে চলে গেল। গত দুবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এখন দেখার জয়ের হ্যাটট্রিক ভারত ধরে রাখতে পারে কিনা। সোমবার ভারতের ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। খেলার শেষে অধিনায়ক হরমন ভারতীয় দর্শকদের ধন্যবাদ জানান মাঠে প্রচুর সংখ্যায় আসার জন্য। পরিষ্কার জানিয়েছেন চ্যাম্পিয়ন হতেই এসেছে ভারত। আপাতত তাদের লক্ষ্য সোমবার দক্ষিণ কোরিয়া। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত পরিসংখ্যানে। তবে দক্ষিণ কোরিয়া লড়াকু দল।

Scroll to Top