বৈধ নথি নেই, ব্যাগে সাড়ে ১০ কেজি রুপো !
হাওড়া স্টেশনে আটক যুবক

৩৬৫ দিন। ট্রেন ধরার আগেই হাওড়া স্টেশনে আরপিএফের তল্লাশি, আর তাতেই সামনে এল বিপুল পরিমাণ রুপো নিয়ে যাত্রার ঘটনা। শুক্রবার স্টেশনের পুরনো ডিআরএম অফিসের সামনে এক যাত্রীর ব্যাগ পরীক্ষা করে প্রায় সাড়ে ১০ কেজি রুপোর সামগ্রী উদ্ধার করেন কর্তব্যরত জওয়ানরা। উদ্ধার হওয়া রুপোর বাজারমূল্য ২৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আটক যুবকের নাম বিবেক কুমার সাউ (২৮)। রাঁচির বাসিন্দা ওই যুবক হাওড়া-রাঁচি ক্রিয়া যোগা এক্সপ্রেসে চেপে ঝাড়খণ্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় ব্যাগে তল্লাশি চালান আরপিএফ জওয়ানরা। ব্যাগ থেকে বেরিয়ে আসে রুপোর থালা, বাটি, মগ, প্রদীপ, ঘর সাজানোর সামগ্রী এবং প্রচুর কয়েন। কিন্তু এত বিপুল পরিমাণ রুপোর সামগ্রী নিয়ে যাওয়ার স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই যুবক। এরপরই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে তাঁকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া রুপো এবং আটক যুবককে আয়কর বিভাগের হাতে তুলে দেয় আরপিএফ। রুপোর উৎস, মালিকানা এবং তা পরিবহণের উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Scroll to Top