২ জায়ে অশান্তি, ২ বধূকেই খুন করে পুঁতে দিল ভাইরা

৩৬৫ দিন। নিজেদের স্ত্রীদের খুনের অভিযোগে ঝাড়খণ্ডে গ্রেফতার হলেন দুই ভাই। ধৃতদের নাম শিবশঙ্কর সাহু এবং নবীন সাহু। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলা জেলায়। পুলিশ সূত্রে খবর, দু’জনেই তাঁদের স্ত্রীদের মধ্যে অশান্তি নিয়ে বিরক্ত ছিলেন। সেই বিরক্তির জেরেই তাঁরা স্ত্রীদের খুন করেছেন বলে প্রাথমিক ভাবে সন্দেহ তদন্তকারীদের। শিবশঙ্কর পেশায় অ্যাম্বুল্যান্সচালক। মিনি প্রিয়ার (২৮) সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
শিবশঙ্করের ভাই নবীনের বিয়ে হয়েছিল রাধিকা কুমারীর (২০) সঙ্গে। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, মিনি এবং রাধিকার মধ্যে দীর্ঘ দিন ধরেই বনিবনা ছিল না। প্রায়শই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত। দু’জনের এই নিত্যদিনের ঝামেলায় বিরক্ত হয়ে উঠেছিলেন দু’ভাই। শেষে গত সোমবার রাতে তাঁরা নিজেরাই দুই স্ত্রীকে খুন করেন বলে জানান গুমলার পুলিশ সুপার হ্যারিস বিন জামা।
পুলিশ জানাচ্ছে, খুনের পরে দুই ভাই তাঁদের স্ত্রীদের দেহ গুমলার পার্শ্ববর্তী সিমদেগা জেলার একটি জঙ্গলে নিয়ে যান। সেখানেই মাটি খুঁড়ে তাঁরা দু’জনের দেহ পুঁতে দেন বলে পুলিশ সূত্রে খবর। মৃতদের পরিবারের দাবি, সোমবার সকাল ৯টার দিকেও মেয়েদের শ্বশুরবাড়িতে ফোনে কথা হয়েছিল তাদের। তখন অস্বাভাবিক কিছুই মনে হয়নি। এর পরে মঙ্গলবার সকালে দুই স্ত্রীর বাপের বাড়ির লোকেরা জানতে পারেন, মেয়েদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদসংস্থা পিটিআই-কে গুমলার পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্বে দুই স্বামী দাবি করেছিলেন, স্ত্রীরা তাঁদের না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তবে পরবর্তী সময়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে অপরাধের কথা স্বীকার করে নেন তাঁরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং যে অ্যাম্বুল্যান্সে করে দেহগুলি জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তদের বাবা সোমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও।

Scroll to Top