৩৬৫ দিন।সৌগত সরকার। আগামী ছবির শুটিং দার্জিলিংয়ে শুরু করলেন সন্দীপ রায়। সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে পুরো রায় বাড়ির ইউনিট শুটিং শুরু করল দার্জিলিঙের জলা পাহাড়ের রাস্তায়। চার দিনের শিডিউল। সব্যসাচী অর্থাৎ বাতিকবাবুর বড় অংশ শুট হচ্ছে। আগামী ছবির প্রথম গল্প বাতিক বাবুর চরিত্রে সব্যসাচী চক্রবর্তী ,এবং গল্পের কথকের চরিত্রে শুভ্রজিত দত্ত। নন্দী ফিল্মসের সঙ্গে গাঁটছড়া বাঁধার কয়েকদিনে মধ্যেই সন্দীপ রায় জানিয়েছিলেন, অনেকদিন পর বেনুকে নিয়ে আবার শুটিং করব,এটা গোটা ইউনিটের কাছে একটা উত্তেজনার ব্যাপার। ফ্লোরে নেমেছে রায় বাড়ির ইউনিট। এই নিয়ে ললিতা রায় বললেন, সেই ডবল ফেলুদার পর বেনু আবার ছবিতে,এটা অবশ্যই একটা দারুণ উত্তেজনার ব্যাপার। আমাদের পরিবারের সঙ্গে , ইউনিটের সঙ্গে প্রায় চল্লিশ বছরের সম্পর্ক। ছবিতে ক্যামেরার দায়িত্বে শশাঙ্ক পালিত। দীর্ঘদিন রায়বাড়ির ইউনিটে তিনিও প্রায় ঘরের ছেলে। সন্দীপ রায়ের সঙ্গে প্রায় হাফ ডজনের বেশি ছবিতে কাজ করেছেন। সৌরদীপ সন্দীপ রায়কে অ্যাসিস্ট করবেন। বাতিক বাবুর চরিত্রে সব্যসাচী চক্রবর্তীকে নির্বাচিত করার বিষয়ে পরিচালকের সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছেন প্রযোজক নন্দী। সত্যজিতের সাহিত্য অনুযায়ী বাতিক বাবুর চেহারার বর্ণনা অনুযায়ী সন্দীপ রায় নির্বাচন করেছেন সব্যসাচীকে। গল্পে আছে, চেহারা একবার দেখলে ভোলা কঠিন। প্রায় ছফুট লম্বা, শরীরে চর্বির লেশমাত্র নেই, পিঠটা ধনুকের মতো বাঁকা, হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো ফ্ল্যানেলের প্যান্ট, সাদা মোজা সাদা কেডস–দার্জিলিঙের গ্রীষ্মকালে এই ছিল তাঁর মার্কামারা পোশাক। এ ছাড়া তাঁর হাতে থাকত মজবুত লাঠি। বনবাদাড়ে এবড়ো-খেবড়ো জমিতে ঘোরা অভ্যাস বলেই হয়তো লাঠিটার প্রয়োজন হত।
নতুন ছবির জন্য সন্দীপ রায় বাছাই করে নিয়েছেন প্যারানরমাল জঁরের চারটি ছবি বাছাই করে নিয়েছেন। খগম, বাতিক বাবু, ভুতো এবং নীল আতঙ্ক। প্রযোজক নন্দী মুভিজ এই ছবির প্রযোজনার দায়িত্বে। আগামী বছর মে মাসে মুক্তি পাবে ছবিটি।এখনো ছবির নাম ফাইনাল হয়নি। চার ছবির জন্য মূল অভিনেতা বাছাই শেষ,কলকাতা,থেকে উত্তরবঙ্গের পাহাড় এবং বীরভূমের কিছু জায়গায় শুটিং হবে। বাংলার বাইরেও শুটিং হওয়ার কথা। একবছর আগেই সন্দীপ রায় আমাদের সত্যজিতের ছোটগল্প নিয়ে ছবি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে তখন সবকটি গল্পের বাছাই হয়নি। কিন্তু খগম এবং নীল আতঙ্ক গল্পদুটির বাছাই নিয়ে কোনো দ্বিধা পরিচালকের ছিল না। তিনি পরিষ্কার জানিয়েছিলেন,প্যারানরমাল জঁরের গল্প বাছতে হলে খগম মাস্ট। এখন যে ধরনের টেকনোলজি চলচ্চিত্রে ব্যবহার হচ্ছে,তাতে ইমলিবাবার অভিশাপে অবিশ্বাসী ধূর্যটিবাবুর সাপে রূপান্তরিত হওয়ার দৃশ্য নির্মাণ অসম্ভব নয়।
তাই এটাই আমার ফার্স্ট চয়েজ। দ্বিতীয় গল্প নীল আতঙ্ক নিয়ে পরিচালকের কোনো সমস্যা ছিল না। শুধু চিত্রনাট্যের বুনট তৈরি বাকি ছিল। তবে ভুতো এবং বাতিকবাবু দুটোই ছোটগল্প,এবং তার চিত্রনাট্য পরিচালকের আগেই তৈরি করা ছিল। তবে ওর আরেক প্রিয় গল্প রতনবাবু ও সেই লোকটা নিয়ে একটু দ্বিধা ছিল। নতুন ছবি নিয়ে সন্দীপ রায় বলছেন, বহুদিন ধরেই ইচ্ছে ছিল আবার ছোটগল্প নিয়ে কাজ করার। মাঝখানে অনেকটা সময় ছোটগল্প নিয়ে কাজ করা হয়ে ওঠেনি। এর আগে যেখানে ভূতের ভয়, চার-এর মতো ছবি করেছি। টেলিভিশনের জন্যও বেশ কিছু ছোটগল্প নিয়ে কাজ করেছি। তবে ফের নতুন করে ছোটগল্প নিয়ে কাজ করার ইচ্ছেটা বহুদিনের ইচ্ছে। গত বছর থেকেই গল্প বাছাই এবং চিত্রনাট্য লেখার কাজ চলছিল। ঠিক করেছিলাম, যদি ফেলু না করি, তাহলে তিনটি বা চারটি ছোটগল্প নিয়ে ছবি করব। নইলে আবার প্রফেসর শঙ্কু। প্রযোজকদের এই গল্পগুলো পছন্দ হয়েছে, তাই কাজ শুরু করলাম।
এখনও সিনেমার নাম চূড়ান্ত হয়নি। চারটি আলাদা গল্প, আলাদা চরিত্র এবং ভিন্ন অভিজ্ঞতা। অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিয়েছি। কারণ যে চারটি গল্প বেঁচেছি, সেখানে সেই অর্থে ভূতের দেখা নেই,কিন্ত প্যারানরমাল এবং মনস্তাত্ত্বিক জটিলতা রয়েছে। ফলে দাপুটে অভিনেতা ছাড়া এই ছবি করার কোনো মানে নেই। চার ছবির জন্য অনেক সময় নিয়েই অভিনেতা নির্বাচনের কাজ করেছি। যার মধ্যে শুভাশীষ মুখোপাধ্যায়, বেনু (সব্যসাচী চক্রবর্তী)শাশ্বত চট্টোপাধ্যায়,ঋত্বিক চক্রবর্তী,সুপ্রিয় দত্তরা আছেন। এছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত এবং আমাদের সাহেব (চট্টোপাধ্যায়) আছে।
প্রসঙ্গত, চারটি ছবি এমনভাবে রাখা হবে,যাতে ধাক্কার অভিঘাত থাকে। এছাড়া সবটা একসূত্রে বাঁধা রয়েছে মায়াস্ত্রোর অসাধারণ কল্পনাশক্তি এবং গল্প বলার নিজস্ব ধরনে। কখনও রহস্য, কখনও অদ্ভুত ঘটনা, আবার কখনও মানুষের মনস্তত্ত্বের অপ্রত্যাশিত দিক উঠে এসেছে তাঁর সৃষ্টিতে।
ছবিতে সম্পাদনার কাজে সন্দীপ রায়কে সাহায্য করবেন,সম্পাদনা সুব্রত রায়। যেহেতু এই ছবিতে মেকআপ একটা গুরুত্বপুর্ন এলিমেন্ট,তাই বিশেষ রূপশয্যায় অভিজ্ঞ সোমনাথ কুন্ডু থাকছেন। শানু সিংহ বাকিটা সামলাবেন।
দার্জিলিংয়ে সব্যসাচীকে নিয়ে সন্দীপ রায়ের শুটিং শুরু বাতিক বাবুর
- khabar365din
- November 28, 2026
- 2:46 pm
- No Comments






