বিস্ফোরক সোনিয়া
পর্ব ১২

৩৬৫ দিন। একটা গভীর ষড়যন্ত্র, যেখানে কেউ সন্দেহের উর্ধ্বে নয়। আসল মাথাদের আড়াল করতে সীমাহীন চেষ্টা হয়েছে। উদ্দেশ্য একটাই সত্যি যাতে কোনও দিন সামনে না আসে – রাজীব হত্যা প্রসঙ্গে আত্মজীবনীতে লিখতে গিয়ে সোনিয়া একদিকে যেমন মর্মাহত অন্যদিকে তিনি তাঁর ক্ষোভ চাপা রাখেননি।‌ সোনিয়ার কথায়, এক বছর আগে থেকে সবাই জানতো রাজীবের ওপর প্রাণঘাতী হামলা হতে চলেছে অথচ কেউ কিছু করলো না। দেখেও কেউ কিছু দেখলো না। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যার দেশকে আরো কত কিছু দেওয়ার ছিল তাকে আমরা হারালাম। এটা শুধু গান্ধি পরিবার, আমার, রাহুল বা প্রিয়াঙ্কার ব্যক্তিগত ক্ষতি নয়, এটা দেশের ক্ষতি ছিল।
বাবার কফিনে মাথা রেখে তামিলনাড়ু থেকে দিল্লি এসেছিল প্রিয়াঙ্কা, চিকিৎসক বললেন, দয়া করে দেখবেন না,ওঁর কিছুই অবশিষ্ট নেই
সোনিয়া লিখছেন, ইন্দিরার হত্যা তার আগে সঞ্জয়ের অপমৃত্যু, পর পর পরিবারে একের পর এক ঘটনায় আমি আতঙ্কে থাকতাম বিশেষ করে রাজীবের নিরাপত্তা নিয়ে তখন ও আর প্রধানমন্ত্রী ছিল না। নাওয়া খাওয়া ভুলে গোটা দেশ চষে বেরাচ্ছিল সামনেই নির্বাচন। মনে আছে সেদিন আমি আর প্রিয়াঙ্কা রায়বেরিলিতে প্রচার সেরে সবে বাড়ি ফিরেছি। আমি নিজের ঘরে কি যেন একটা বই পড়ছিলাম। কিছুক্ষণের মধ্যে শুনলাম দ্রুত পায়ে কে যেন আমার ঘরের দিকে আসছে। নিশ্চয় প্রিয়াঙ্কা, কারণ বাড়িতে ওই সময় আর কেউ ছিল না। প্রিয়াঙ্কা আমার ঘরে ঢোকার আগে কিছুক্ষণ থামলো, হয়তো শক্তি সঞ্চয় করছিল একটা ভয়াবহ দুঃসংবাদ আমাকে দিতে হবে যে! প্রিয়াঙ্কা ঘরে ঢুকে একটু থেমে বললো, মাদ্রাজে বোমা বিস্ফোরণ হয়েছে বাবা আর নেই। আরো ১০ জন মারা গেছে। ও কোথা থেকে এই খবর পেল আমি জানিনা। নিশ্চয় রেডিও-তে বা টেলিভিশনে শুনেছে। পরে জানলাম কে যেন ওকে ফোন করে দিয়েছিল এই খবর। নিশ্চিত হওয়ার জন্য রাজীব ঘনিষ্ঠ জর্জকে ফোন করে প্রিয়াঙ্কা। সে জানায় খবর নিয়ে জানাচ্ছে। তার পর সব শান্ত। অনেক পরে জর্জ জানালো, ‘সাহেব আর নেই। ওরা সাহেবকে মেরে ফেলল’। আমার তখন মরে যেতে ইচ্ছে করছিল। এই সময় প্রিয়াঙ্কা অদ্ভুত ভাবে শান্ত ছিল। ও-ই সরকারি স্তরে যোগাযোগ রেখে বিশেষ বিমানের ব্যবস্থা করে। মাদ্রাজ গিয়েও ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। তখনো জানতাম না রাজীবের শরীর বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। ঘোরের মধ্যে দেখছিলাম সবাই কফিন খুঁজছে ওখানে রাজীবের দেহের অবশিষ্টাংশ রাখা হবে। অনেক পরে রাজীবের কফিন বিমানে তোলা হল ওর সঙ্গে রাখা হল রাজীবের ছায়াসঙ্গী পিএসও আই এস কুমার প্রদীপ গুপ্তার দেহ। প্রদীপ ছিল বেশ‌ লম্বা। ফলে ওর জন্য বড় আকারের কফিন রাখলে বিমানের একদিকের বসার জায়গা পুরোটাই লেগে যাচ্ছিল। প্রিয়াঙ্কা নিজে উঠে গিয়ে কফিন রাখার জায়গা করে দেয়। সারাটা পথ ও বাবার কফিনে মাথা রেখে আসে।‌ দিল্লি বিমানবন্দরে নেমে আমাদের এইমসে নিয়ে আসা হয়। আমি বার বার রাজীবের মুখটুকু দেখতে চাইছিলাম। সবাই এড়িয়ে যাচ্ছিল। আমি রেগে গিয়ে অধৈর্য হয়ে আমাদের পারিবারিক চিকিৎসক ডাঃ মাথুরের খোঁজ করি। ঠিক তখন আমার মনে পড়ে যায়,রাজীব তো মরনোত্তর চক্ষুদান করে গিয়েছেন ইন্দিরাও করেছিলেন হয়তো সেই প্রক্রিয়া চলছে ঠিক এই সময় মাথুর যেন কাকে বলছিলেন, চোখ! কিসের চোখ! দেহের কোনো অঙ্গ কী আর আস্ত আছে! আমাকে দেখে উনি বললেন, ম্যাডাম, দেহ না দেখাই ভালো।‌ হতভম্ব হয়ে যাই। আবার মনে হয় আমি এবার মরে যাব। কপাল চাপড়াতে ইচ্ছে করছিল কেন আমি এবারে রাজীবের সঙ্গে গেলাম না!
গভীর ষড়যন্ত্র, তদন্ত নিয়ে প্রচুর প্রশ্ন, কেন রাজীবের নিরাপত্তা তুলে নিল কেন্দ্র?
সোনিয়া লিখছেন, রাহুল যখন রাজীব হত্যার আগে আমেরিকা গেল তখন ও আমাদের বলেছিল, বাবার জন্য যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা না যায় তাহলে এবার আমাকে বাবার শেষকৃত্যে যোগ দিতে আসতে হবে। আসলে রাজীবের ওপর যে হামলা হবে তা একেবারে দিনের আলোর মত স্পষ্ট ছিল। আমরা রাহুল যা জানতো তা কেন্দ্রের সরকারের গোয়েন্দা বিভাগ জানতো না তা হতে পারে না। রাজীব হত্যার প্রায় এক বছর আগে এলটিটিই, যারা রাজীব হত্যার নীল নকশা তৈরী করেছিল তাদের একটি মেসেজ ডিকোড করেন আমাদের গোয়েন্দারা। জাফনা থেকে ইন্টারসেপ্ট করা ওই মেসেজ ডিকোড করে দেখা যায় বলা হচ্ছে, রাজীবের মাথা উড়িয়ে দাও, রাজীব গান্ধিকে খুন কর, হত্যা কর!’ এই একটি নয় পরের কয়েকমাসে আরো বেশ কয়েকবার একাধিক মেসেজ ইন্টারসেপ্ট করে ডিকোড করা হয় যার সবকটিতে এলটিটিই যে রাজীবকে টার্গেট করেছে তা স্পষ্ট হয়ে যায়। শেষের দিকে কয়েকটি মেসেজ ইন্টারসেপ্ট করা হলেও তা আর ডিকোড-ই করা হয়নি। দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এত গাফিলতি মানা যায় না। আশ্চর্যের বিষয় হল, এলটিটিই হুমকি দিচ্ছে রাজীব যাচ্ছেন তামিলনাড়ু ঠিক তার আগে তাঁর নিরাপত্তা পর্যন্ত তুলে নিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। সোনিয়া বলছেন,রাজীবের হত্যার পর কয়েকজনকে এসটিএফ গ্রেফতার করলেও আরো অনেককে ধরাই গেল না। এসটিএফ কোথায় কখন রেড করতে যাবে সেই খবর সংবাদমাধ্যম আগে থেকেই জেনে যেত ফলে পুলিশ পৌঁছনোর আগে তারা সেখানে পৌঁছে যেত। অপারেশন বার বার ফেল করতে থাকে। পুলিশ হেফাজতে এক অভিযুক্তের অস্বাভাবিক মৃত্যু পর্যন্ত ঘটে। তদন্তে বার বার কোনো এক ‘গডম্যান’-এর কথা বলা হয়েছে কে সেই গডম্যান আজও জানা গেল না। আসলে সর্ষের মধ্যেই হয়তো ভূত ছিল। বিচারপতি জে এস ভার্মা কমিশন ও বিচারপতি এম সি জৈনের কমিশন-ও তো সেদিকে ইঙ্গিত করে। রাজীব হত্যার আগে আগে কেন হঠাৎ করে একের পর এক সন্দেহজনক বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হল, কারা সেই টাকা কেন পাঠাল? সেই প্রশ্ন প্রশ্ন-ই থেকে গেল আসলে ওই সব প্রশ্নের উত্তর সামনে এলে দেশের অনেক প্রথম সারির রাজনীতিবিদ ফেঁসে যেতেন। আমরা প্রথম দিকে রাজীব হত্যার তদন্ত কোন পথে এগোচ্ছে তা ফলো করতাম, পরে আর করতাম না, জানতাম তদন্ত আর এগোবে না এগোতে দেওয়া‌ হবে না। প্রশ্নের উত্তর আর পাওয়া যাবে না।

Scroll to Top