পশ্চিমবঙ্গে অবৈধ গোহত্যার অভিযোগে হাতেনাতে গ্রেফতার ৪
অন্ধকারে গরু পাচার রুখলো পুলিশ

৩৬৫ দিন। মাত্র ২৪ ঘন্টা আগেই সোমবার বিকেলে রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের মাটিতে গোমাতা নিধন চলবে না। বেআইনিভাবে গো হত্যার খবর পেলেই পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বেআইনিভাবে গোহত্যা করে গোমাংস বিক্রির চেষ্টা করার সময় হাতেনাতে চারজনকে পাকড়াও করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। গতকাল নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, লুকিয়ে লুকিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে গোহত্যা চলছে। সেগুলির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। যদিও স্লটার হাউসগুলি নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, ওই বিষয়টি আলাদা। ওগুলি অনুমোদিত পশু কাটার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু আইনের বাইরে গিয়ে পশু হত্যা করা চলবে না। তিনি বলেন, স্লটার হাউস ও গোমাতার উপর হাত দেওয়া এক জিনিস নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন। বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অ্যাকশন মোডে দেখা গেল পুলিশকে। লুকিয়ে বেআইনিভাবে গোহত্যার সময় হাতেনাতে পুলিশের জালে ধরা পড়লেন ৪ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদীঘির হাজিপুর এলাকায়। পুলিশ সূত্রে আজ অর্থাৎ মঙ্গলবার  ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার শেখ দিঘির হাজিপুর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় পুলিশ  হানা দেয়। সেখানে তখন অত্যন্ত গোপনে একটি পশু জবাই করা হচ্ছিল বলে অভিযোগ। ঠিক সেই মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং পশু জবাই করার সময় হাতেনাতে চারজনকে ধরে ফেলে। ঘটনাস্থল থেকেই ধৃত ৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও, উদ্ধার করা মাংস মাটিতে পুঁতে ফেলে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত ছিল এবং জবাই করা পশুর মাংস কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ।
রামপুরহাটে গরু উদ্ধার পাচারের আগেই
আজ মঙ্গলবার ভোররাতে বীরভূমের রামপুরহাটের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে একসঙ্গে বেশ কয়েকটি গরু হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল একদল ব্যক্তি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গরুগুলিকে অন্যত্র পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই তৎপর হয়ে ওঠে রামপুরহাট থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুগুলিকে আটক করা হয়। পুলিশের এই অভিযানে মোট ৩০টি গরু উদ্ধার হয়েছে। পুলিশের তৎপরতায় গরুগুলি উদ্ধার হলেও অভিযুক্ত পাচারকারীদের কাউকেই এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

Scroll to Top