৩৬৫ দিন। হাসপাতালের স্টোরে ডাঁই করে রাখা ওআরএস, ইঞ্জেকশন, ওষুধ, কিন্তু কোনোটিই ব্যবহারযোগ্য নয় কোনোটি মাসখানেক আগেই মেয়াদ শেষ করেছে কোনোটিই আবার তার চাইতেও বেশী আগে বাতিল হয়েছে সেই বাতিল ওষুধ ইঞ্জেকশন-ই ব্যবহার হচ্ছে সরকারি হাসপাতালে! অভিযোগ যিনি করছেন তিনি বাঁকুড়ার ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। সূত্রের খবর, বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুরে আয়ুষ্মান আরোগ্য নিকেতন পরিদর্শনে গিয়ে হতবাক হয়ে যান বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ হাসপাতালের স্টোরে গিয়ে তিনি দেখেন সেখানে কাঁড়ি কাঁড়ি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ইঞ্জেকশন রাখা রয়েছে। কর্তব্যরত এক নার্সকে তিনি জিজ্ঞেস করেন, এই ওষুধ কী রোগীদের দেওয়া হচ্ছে। তিনি এর কোনো উত্তর দিতে না পারলে ক্ষুব্ধ বিধায়ক ফোন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। গোটা ঘটনার কথা জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন তিনি। বিধায়ক বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ ইঞ্জেকশন কেন হাসপাতালের স্টোরে থাকবে? এ সব তো নষ্ট করে ফেলার কথা!’ যদিও বাঁকুড়ার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সজল বিশ্বাস বিধায়কের অভিযোগ পুরোপুরি মানতে নারাজ। হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যে ছিল তা মেনে নিলেও তা যে রোগীদের দেওয়া হচ্ছে এমন অভিযোগ তিনি মানতে চাননি। তিনি বলেন, ‘‘মেয়াদোত্তীর্ণ ওষুধ কোনও রোগীকে দেওয়া হয়নি। স্বাভাবিক ভাবেই পার্শ্ব প্রতিক্রিয়ার কোনও সম্ভাবনা নেই।’’ তবে তাঁর ব্যাখ্যা, ‘‘হাসপাতালে ওই ওষুধ জমিয়ে না-রাখলেই ভাল হত। কেন এমনটা ঘটল তা জানতে চেয়ে ইতিমধ্যে নোটিস দেওয়া হয়েছে। হাসপাতালের জবাব মিললে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’






