নিউজিল্যান্ড: ৩ (ক্রিস উড ২, ম্যাকগ্যারি)
ভারত: ০
৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। রবিবার খালিদ জামিলের ভারতীয় দল যে ফুটবল খেলল, সেটা দেখলে কে বলবে যে মাস দেড়েক আগে এই দলটাই ব্রাজিলের মতো মহাশক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই করে হেরেছিল। আটকে দিয়েছিল পানামাকে। দেশের মাটিতে ৩ ফিফা ফ্রেন্ডলিতে মেন ইন ব্লু-র যে সাহসী ফুটবল হৃদয় জয় করেছিল, নিউজিল্যান্ডে গিয়ে সেই সাহস যেন রাতারাতি উধাও। কিউয়িদের বিরুদ্ধে দু’ম্যাচেই স্রেফ রক্ষণ সামলে গেল গোটা দল। ম্যাচের বেশিরভাগ সময় প্রায় সব ভারতীয় ফুটবলারকে দেখা গেল নিজেদের অর্ধে। দুদিন আগে প্রথম ম্যাচে যেখানে ভারত হজম করেছিল পাঁচটা গোল, আজ দেখার ছিল আগের ম্যাচের তুলনায় কতটা উন্নতি করেছে ভারত। স্কোর লাইন বলছে আজ ভারত তিন গোল হজম করেছে, অর্থাৎ আগের দিনের থেকে দুটো গোল কম। আগের দিন পেনাল্টি বাঁচালেও আজ জঘন্য গোল কিপিং করেছেন বিশাল। সবচেয়ে বড় কথা ভারতের কোচ খালিদকে দেখে বোঝা যাচ্ছে না তিনি কি চাইছেন। না পারছেন পুরোপুরি আক্রমণাত্মক খেলাতে, না করছেন শক্তি দিয়ে ডিফেন্স। কাউন্টার আক্রমণ তৈরির ক্ষেত্রেও সেভাবে পারদর্শী মনে হচ্ছে না ভারতকে।
সত্যি কথা বলতে খালিদের দল অত্যন্ত জঘন্য এবং গতিহীন ফুটবল খেলছে। কিন্তু ২২ মিনিটে গোলরক্ষক বিশাল কাইথের বিশ্রী আউটিংয়ের জেরে প্রথম গোল হজম করতে হল মেন ইন ব্লু-কে। গোল করে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস উড। ৪৪ মিনিটে কিউয়িদের তৃতীয় গোলটিও হয়েছে বিশালের ভুলেই। ডানদিক থেকে বাড়ানো ক্রসে তিনি লাফিয়ে ফিস্ট করলেন বটে, কিন্তু তাতে জোর ছিল না। যার জেরে বলটি গিয়ে পড়ে আগুয়ান ক্রিস উডের পায়ে।৪০ মিনিটে ম্যাকগ্যারি দ্বিতীয় গোলটি নিখুঁত দক্ষতায় করেছেন। প্রথমার্ধেই ৩ গোল হজম করতে হয় ভারতকে। যার মধ্যে অন্তত দুটি গোলের জন্য অল্প হলেও দায়ী গোলরক্ষক বিশাল কাইথ। দ্বিতীয়ার্ধে সম্ভবত সেকারণেই তাঁকে তুলে নিয়ে হৃতিক তিওয়ারিকে দ্বিতীয়ার্ধে নামালেন খালিদ। দ্বিতীয়ার্ধেও খেলার গতি বা অভিমুখ বদলায়নি। দুটো দলের কোয়ালিটির মধ্যে পার্থক্য কতটা সেটা বারবার চোখে পড়ছিল মাঠে। এই পর্যায়ে পৌঁছতে গেলে ভারতকে অনেক পথ চলতে হবে আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে গেল এই দুটো ম্যাচ থেকে। অথচ এই নিউজিল্যান্ড দলের অনেক ফুটবলার যারা ক্লাব ফুটবল খেলেন তাদের পেমেন্ট ভারতের অনিরুদ্ধ, রায়ান উইলিয়ামস, কোলাসোদের থেকে কম। খেলার শেষে খালিদ বলেন, এই দুটো ম্যাচ তার দলের কাছে রিয়েলিটি চেক। নিউজিল্যান্ড বুঝিয়ে দিল ফুটবলে ভারত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। অনেক পথ চলা বাকি আছে ব্লু টাইগারদের।





