৩৬৫ দিন। প্রয়াত হীরক সেন। স্থিরচিত্র জগতের একটা বর্ণময় অধ্যায়ের অবসান বলা যায়। মধ্যগগনের সত্যজিৎ রায় থেকে সন্দীপ রায়,রায় পরিবারের চলচ্চিত্র লেগাসিকে লেন্সবন্দি করেছিলেন হীরক। ছবি তুলতে তুলতে কখন যেন রায় পরিবারেই একজন হয়ে গেছিলেন হীরক। সাদাকালো নেগেটিভ থেকে রায় পরিবারের সুখ দুঃখের রিয়েল লাইফে জড়িয়ে গেছিলেন। দীর্ঘ সম্পর্কের অবসান হল। বুধবার ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। দীর্ঘদিন হৃদরোগ জনিত সমস্যা এবং স্নায়ুরোগ ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। পিছনে রেখে গেলেন স্ত্রী মর্মিতাকে। বন্ধু এবং পরিবারের একজনকে হারিয়ে শোকে মুহ্যমান রায় পরিবার। জনঅরণ্য, ঘরে বাইরে, হীরক রাজার দেশে থেকে আগন্তুক , এবং সোনার কেল্লার ইনডোর, সত্যজিতের ছবির স্টিল ফটোগ্রাফি ধরা আছে হীরকের ক্যামেরায়। পরিচালকের কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তিনি। ছবির সেটে শুটিংয়ের ফাঁকে কিংবা ক্যামেরার আড়ালে পরিচালকের একান্ত সময়; বিভিন্ন মুহূর্তকে নিজের লেন্সে বন্দি করেছেন হীরক। সত্যজিৎ রায়ের জীবনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন হীরক। শুটিংয়ের ব্যস্ততা থেকে শুরু করে চিত্রনাট্য লেখা, সুর তৈরি কিংবা পিয়ানো বাজানোপরিচালকের কাজের ফাঁকে ধরা পড়া এমন অনেক মুহূর্তই ক্যামেরাবন্দি করেছেন তিনি। তার ক্যারিয়ারের সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ছবিটি হল, সত্যজিতের হাতে অস্কার তুলে দেওয়ার মুহূর্ত। অসুস্থ সত্যজিৎ তখন হাসপাতালের কেবিনে, পরিবার ছাড়া আর সবার প্রবেশ নিষেধ। হীরক হলেন সেই বিরল আলোকচিত্রী যিনি সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছিলেন। সেই ছবিটিই সত্যজিৎ রায়ের অস্কার গ্রহণের একমাত্র ডকুমেন্টেড ঐতিহাসিক দলিল। ফলে তাঁর কাজ কেবল আলোকচিত্রের গণ্ডিতে আটকে থাকেনি, হয়ে উঠেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক। সন্দীপ রায়ের বোম্বাইয়ের বোম্বেটেকৈলাসে কেলেঙ্কারি, টিনটোরেটর যীশু , গোরস্থানে সাবধান ,ফেলুদা ৩০,বাক্স রহস্য, ডবল ফেলুদা, সত্যজিতের গল্প, যেখানে ভূতের ভয়চার,বাদশাহী আংটি-এর মতো ছবিতে দীর্ঘ ৪০ বছর কাজ করেছেন তিনি। জনপ্রিয় টেলিভিশন পত্রিকা, নয়ের দশকের দৈনিক পত্রিকা সোনার বাংলা থেকে সিনেমা এবং , খবর ৩৬৫ দিন পত্রিকা জুড়ে এগিয়েছিল হীরকের কর্মকান্ড। ৩৬৫ দিন সম্পাদকের উৎসাহে তাঁর অন্যতম সম্পাদিত সোনার বাংলা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় হীরক সেনের লেখা কাঠমান্ডুতে ফেলুদা শুটিংয়ের গল্প।





