৩৬৫ দিন। পল্লব ঘোষ। ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হারলো ভারত। কাজে এলো না অর্জুন রাজপুতের শতরান। পাল্টা অপরাজিত শতরান করে পাকিস্তানকে জেতালেন উইকেট রক্ষক ব্যাটার হামজ়া জ়াহুর। রবিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। কিন্তু তা ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। পিচের সাহায্য কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন পাকিস্তানের পেসার আলি রাজ়া, রিজ়ওয়ানুল্লাহরা। অধিনায়ক লক্ষ্য শূন্য রানে ফেরেন। আগের ম্যাচে বড় রান করা বীরেন্দ্র সহবাগের পুত্র আর্যবীর শুরুটা ভাল করলেও ২২ রানের মাথায় আউট হন।
রান পাননি ভারতের আর এক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়। ১০ রান করেন তিনি। লড়াকু ইনিংস খেলেন অর্জুন রাজপুত। পাঁচ নম্বরে নেমে পাল্টা আক্রমণের পথে হাঁটেন তিনি। মাত্র ৮০ বলে শতরান করেন। ৮৫ বলে ১০৭ রান করে আউট হন তিনি। মারেন ১১টি চার ও পাঁচটি ছক্কা। কিন্তু তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। অর্জুন আউট হওয়ার পর শেষ দিকে কাব্য পটেল ২৩ রান করে দলের রান ২০০ পার করেন। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২০৮ রানে অল আউট হয়ে যায় ভারত। পাক বোলারদের মধ্যে আলি, রিজ়ওয়ানুল্লাহ ও নিকাব শফিক ৩ করে উইকেট নেন। অল্প রান করে জিততে হলে শুরুতে উইকেট নিতে হত ভারতকে। সেটাই করে তারা। ভারতের মতো পাকিস্তানেরও টপ ও মিডল অর্ডার রান পায়নি। ৬১ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। ঈশান সুদ, মোহিত উলবা, মনল চৌহানেরা ভাল বল করেছিলেন। দেখে মনে হচ্ছিল, ২০৮ রান করতে পারবে না পাকিস্তান। লড়াই শুরু করলেন সাত নম্বরে নামা হামজ়া। হুসনইন আব্বাস দারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। আব্বাস ৩৮ রান করলেও ৬৭ বল খেলেন। তাঁদের মধ্যে ১০৭ রানের জুটি হয়। সেই জুটিই পাকিস্তানকে জেতায়। ৪৯তম ওভারের প্রথম বলে চার মেরে পাকিস্তানকে জেতান তিনি। সেই সঙ্গে নিজের শতরানও পূর্ণ করেন। ১০৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হামজ়া।
ব্যাটিং ব্যর্থতা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার ভারতের
- khabar365din
- November 8, 2026
- 4:14 pm
- No Comments






