রাস্তায় নয় প্রতিবারের মতো এবারেও কালীঘাটে মমতার বাড়িতেই কালী পূজার আয়োজন

৩৬৫ দিন। প্রকাশ্য রাস্তার ওপরে অথবা কালীঘাট মন্দির প্রাঙ্গণে নয়, বিগত বহু বছর ধরে চলে আসা ট্র্যাডিশন মেনে কালীঘাটে মমতার বাসভবনে এবারেও আয়োজন হচ্ছে কালীপুজোর। মুখ্যমন্ত্রী হওয়ার বহু আগে থেকেই কালীঘাটে ৩০ বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতার বাসভবনে হয়ে আসছে এই কালীপুজো।
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসার পাশাপাশি অশান্তির প্রেক্ষিতে নিজের বাড়ির কালীপুজো আটকে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাড়ির প্রবেশপথ আটকে নতুন নতুন কালীপুজোর আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা। তাঁর দাবি, পুরনো ক্লাবগুলির পুজোর আয়োজনে বাধা দেওয়া হলেও রাতারাতি নতুন পুজো শুরু হচ্ছে। তিনি অভিযোগ করেন, আমার বাড়িতে পুজো রয়েছে। এখন দেখছি একাধিক গাড়ি নিয়ে এসেছে। কিডন্যাপ করতে এসেছে। বেআইনি কাজ চলছে। পাড়ার ক্লাবে পুজোর কাজ করতে দেয়নি। রাস্তা আটকে একটা পুজো করছে, কোনওদিন তা হয়নি। বেআইনি ভাবে করছে যাতে আমার পুজোতে কেউ আসতে না পারে।
মূলত মমতার বাড়িতে যাওয়ার রাস্তায় অন্য একটি পুরনো কালীপুজোকে এবারে কালীঘাট থানার পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। সেই ক্লাবের পুজো উদ্যোক্তারা তাই রাস্তার মোড়ের কাছেই পুজোর আয়োজন শুরু করে। তাতেই তীব্র আপত্তি জানান মমতা। গতকাল তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যদি তাঁর বাড়ির পুজোতে দর্শনার্থীদের এবং আমন্ত্রিত অতিথিদের আসতে বাধা দেওয়া হয়, তাহলে প্রয়োজনে রাস্তার উপরে অথবা কালিঘাট মন্দিরের কাছে গিয়ে কালী মায়ের পূজো করবেন। যদিও আজ কালীপুজোর দিন সন্ধ্যে পর্যন্ত তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি। বরাবরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে কালী প্রতিমা বসিয়ে পুজোর আয়োজন শুরু হয়েছে। ইতিমধ্যেই নিজের বাড়ির কালী প্রতিমার ছবি প্রকাশ্যে এনেছেন মমতা নিজে।

Scroll to Top