আগুনের গ্রাসে থিম শিল্পীর কারখানা ও বাড়ি 

৩৬৫ দিন। শুভদীপ দে। হুগলি।  প্যান্ডেল শিল্পীর কারখানা পুড়ে ছাই, আগুনের গ্রাসে দোতলা বাড়িও হুগলির চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কুন্ডুঘাট বড়বাগান এলাকায় একটি সাজসজ্জার সামগ্রী ও থিম তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে থিম শিল্পীর পাশের দোতলা বাড়িটিকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জানা গেছে, দুর্গাপুজো শেষ হওয়ার পর কারখানাটিতে চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য থিম তৈরির কাজ চলছিল জোরকদমে। এখানে প্লাইউডের ওপর নকশা তৈরি করে বিভিন্ন পুজো কমিটির চাহিদা অনুযায়ী মণ্ডপ সাজানোর থিম বানানো হতো। দুর্ঘটনার সময় বাড়িতেই ছিলেন থিম শিল্পী কুন্তল মল্লিক এবং তাঁর মেয়ে মোনালিসা। হঠাৎ কারখানার দিক থেকে ধোঁয়া উঠতে দেখে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। দেখতে দেখতে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা কারখানা ও বাড়ি। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় এবং দাউদাউ করে জ্বলতে থাকে। কোনওক্রমে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন এবং দমকলে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর দুর্গাপুজোয় কলকাতার বেশ কয়েকটি বড় মণ্ডপের কাজ করেছিলেন কুন্তল মল্লিক। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর থিম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এই অগ্নিকাণ্ডে তাঁর কয়েক মাসের পরিশ্রম এবং কারখানায় মজুত সমস্ত সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আকস্মিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Scroll to Top