৩৬৫ দিন। আমাদের সরকারের বর্ষপূর্তির আগেই অর্থাৎ ২০২৭ সালের ৮ মে-র আগেই রাজ্যের অন্তত এক লক্ষ বেকার যুবক-যুবতীকে চাকরির নিয়োগ পত্র তুলে দেবো আমরা। আজ প্রথমে সল্টলেকে গাছের পঞ্চায়েত দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখার পরে ৭১৯০ নতুন চাকরির ঘোষণা করার পরে নবান্ন সভাগরে ১৪৯ জন সমবায় ইন্সপেক্টর এর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৬৩৪৯৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে বা নিয়োগপ্রক্রিয়া শুরু করা হয়েছে। এর মধ্যে ৬০ হাজার ৮৩৮টি পদই সম্পূর্ণ স্থায়ী এবং নিয়মিত। অর্থ দফতরে আরও কয়েক হাজার শূন্যপদের ফাইল অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আজ প্রথমবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখতে যান শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেই পর্যালোচনা বৈঠকের পর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন চাকরির খবর। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালেই রাজ্যে হবে নতুন নিয়োগ। ৭ হাজার ১৯০ জনের নতুন নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আগামী দিনে পঞ্চায়েত দপ্তরের যে বিপুল কাজকর্ম বাড়তে চলেছে সেই কাজকর্ম পরিচালনার জন্য নতুন পঞ্চায়েত ভবন তৈরির ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের একটা উপহার। নিউটাউনে একটা নতুন পঞ্চায়েত ভবন তৈরি করা হবে ৫ একর জমিতে। যেখানে প্রশাসনিক ভবন ও বিধানসভা তৈরি হচ্ছে।
ওবিসি জট কাটিয়ে নতুন চাকরির নিয়োগ পত্র
পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওবিসি মামলার জন্য যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল তার মধ্যে ছিল 2022 সালে রাজ্যের সমবায় দপ্তরে ইন্সপেক্টর পদে নিয়োগ। রাজ্য বিজেপি সরকার আসার পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মানার পাশাপাশি সুপ্রিম কোর্টে বিগত সরকারের করা মামলা থেকে রাজ্য সরকার বেরিয়ে আসার ফলে এবং বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করে নতুন ওবিসি বিল পাস করায় কেটে গিয়েছে ওবিসি মামলার জট। 2022 সালের সমবায় পরীক্ষায় উত্তীর্ণ 228 জনের মধ্যে অনেকেই এই নিয়োগের দীর্ঘসুত্রিতার জন্য অন্যান্য চাকরিতে যোগদান করে গিয়েছেন ইতিমধ্যেই। আপাতত আজ ১৪৯ জনের হাতে মুখ্যমন্ত্রী নিয়োগপত্র তুলে দিলেন।
কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন স্তরে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বিগত কয়েক বছর ধরে লিখিত পরীক্ষা হয়েছিল কিন্তু রেজাল্ট বেরোয়নি, পরীক্ষা হয়েছিল কিন্তু ওরাল হয়নি, ওরাল হয়েছে কিন্তু ভিআর হয়নি। মূলত আমাদের যে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃহত্তর পরিবারে যোগদান করছেন, তাঁদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আগের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যদি আগের দল সরকার গঠন করত, তাহলে মহালয়ার পরের দিন আমরা যেমন ১১ হাজার পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছি, সেটাও যেমন হত না। ঝুলে থাকত, আপনারাও ঝুলে থাকতেন। আমরা জট মেটালাম কী করে এই তথ্য আপনাদের জানা প্রয়োজন। কারণ, বহুদলীয় গণতন্ত্রে রাজ্যে সরকার থাকলে বিরোধী থাকবে। মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বাক স্বাধীনতা আছে। বলবেন এই নোটিফিকেশন তো আগের সরকারের। বিশেষ করে ওবিসি জট, যা পাকিয়ে রেখেছিলেন আগের সরকার, এই জট যদি রাজ্য সরকার কাটিয়ে না তুলত, তবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হত না। আমরা বিধানসভা বসিয়ে কলকাতা হাইকোর্টের ২০২৪ সালের ডিভিশন বেঞ্চের যে অর্ডার ওবিসি সংক্রান্ত তাকে মান্যতা দিয়ে ৭ শতাংশ ওবিসি রিজার্ভেশন করেছি। জাতীয় ওবিসি তালিকাকে গ্রহণ করেছি।
কোন দপ্তরে কত চাকরি হবে
বিভিন্ন দফতরের নিয়োগের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, স্কুল স্তরে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট ৩৩৪০৯ শূন্যপদে নিয়োগ হতে চলেছে। পুলিশ ও স্বরাষ্ট্র দফতরে নতুন করে নিয়মিত পদে ১২১৪৭ জনের চাকরি হবে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত স্তরের বিভিন্ন বিভাগে শূন্যপদের সংখ্যা ৭১৯০। এ ছাড়াও কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে আরও ৫৪০৯টি পদের নিয়োগপ্রক্রিয়া। ইতিমধ্যেই ১০২৩৩ জন পুলিশ কনস্টেবলকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
সরকারের বর্ষপূর্তির আগেই চাকরি পাবেন অন্তত এক লক্ষ বেকার যুবক-যুবতী
ঘোষণা মুখ্যমন্ত্রীর
- khabar365din
- November 4, 2026
- 5:09 pm
- No Comments





