খবর ৩৬৫।বিশ্বজিৎ ব্যানার্জি।নদীয়া। বাবার সঙ্গে সামান্য বচসা এবং তার জেরে চড়ের আঘাত, এর পরেই এক ১৮ বছরের তরতাজা যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার হবিবপুর মাঠপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রবি পাল বয়েস ১৮। অভিযুক্ত বাবার নাম চন্দন পাল। ছেলের আকস্মিক এই মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন পরিবারে লোকজন, পাশাপাশি ঘটনার নেপথ্য সত্য নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মহল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে কোনো একটি বিষয় নিয়ে বাবা চন্দন পাল ও ছেলে রবি পালের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় বাড়ির কাছেই ফুল তুলতে বেরিয়েছিলেন এক প্রতিবেশী। তাঁর দাবি, ঝগড়ার একপর্যায়ে মেজাজ হারিয়ে বাবাকে ছেলেকে চড় মারতে দেখেন তিনি। এরপর সেখান থেকে রবি অন্যত্রে চলে যান।
কিছুক্ষণ কেটে যাওয়ার পর ওই প্রতিবেশী যখন ফের সেই পথ দিয়ে ফিরছিলেন, তখন তিনি রবিকে মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ভিড় জমান ঘটনাস্থলে। খবর দেওয়া হয় থানায়।
খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। ঠিক কী কারণে রবির মৃত্যু হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বাবার চড়ের আঘাতেই মৃত্যু, নাকি এর নেপথ্য অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে চলছে জেরা ও তদন্ত।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই যুবকের মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। এই মর্মান্তিক ঘটনায় হবিবপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




