তৃণমূলের মামলা গ্রহণ সুপ্রিম কোর্টে

৩৬৫ দিন। নয়াদিল্লি। মুখ্য নির্বাচন কমিশনের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে মমতার তৃণমূলের দায়ের করা মামলা গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। গত সপ্তাহেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ এবং তাঁর সাম্প্রতিক কার্যপদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের দৃষ্টি আকষর্ ণ করলেন মমতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই আবেদন শোনার পরেই জানিয়ে দেন, চলতি সপ্তাহেই মামলার শুনানি শোনা হবে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে বিশেষ নিয়োগ কমিটি স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশনার নিয়োগ করে আসছিলেন সেই নিয়ম ২০২৩ সালে লোকসভায় আইনে বদল করে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে তিন সদস্যের কমিটিতে প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতার পাশাপাশি রাখা হয় প্রধানমন্ত্রীর মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার একজনকে।
সেই আইন তৈরি হওয়ার পরেই নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন জ্ঞানেশ কুমার এবং বর্তমানে নির্বাচন কমিশনের বাকি ২ কমিশনার। এভাবে নির্বাচন কমিশনার নিয়োগ কমিটির নিরপেক্ষতা নষ্ট করে কেন্দ্রীয় সরকারের হাতে পুরো ক্ষমতা কুক্ষিগত হয়ে গিয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। এবারে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় সাড়ে ১৩ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার পরে তিন নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে মমতা তৃণমূল। জ্ঞানেশ কুমার-সহ মামলায় যুক্ত করা হয়েছে হয় দুই কমিশনার বিবেক জোশি এবং সুখবীর সিংহ সান্ধুকে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে সুপ্রিম কোর্টে আগেই একটি মামলা বিচারাধীন ছিল। সোমবার মমতা তৃণমূলের তরফে দোলা সেন ও আইনজীবী মেনকা গুরুস্বামী মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষমতার অপব্যবহার এবং কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বৈধতা তুলে নতুন আবেদনটি দায়ের করেন। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত পুরনো মামলার সঙ্গেই মমতার শিবিরের এই নতুন আর্জিটি যুক্ত করে চলতি সপ্তাহে একসঙ্গে যৌথ শুনানি গ্রহণ করা হবে। তবে সুপ্রিম কোর্টে এই আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিকভাবেও কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সঙ্গে যৌথভাবে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলনের পথেও হাঁটছে মমতা তৃণমূল। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিশালাকার প্রতিবাদ মিছিল ও গণ-জমায়েতের ডাক দিয়েছে ইন্ডিয়া জোটে থাকা দলগুলি। একই সঙ্গে আসন্ন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তুতিও সারছে তারা।

Scroll to Top