৩৬৫ দিন। বারুইপুর আদালতে আইনজীবীদের উপর ডিম হামলার ঘটনায় এ বার কড়া হস্তক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় শুক্রবার স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) মামলা দায়ের করল আদালত। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বেঞ্চ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবিলম্বে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। এই মামলায় আদালত বান্ধব বা ‘অ্যামিকাস কিউরি’ হিসেবে নিয়োগ করা হয়েছে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে।
পাশাপাশি, সায়নের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা তলব করেছে আদালত। বারুইপুর পুলিশ জেলার সুপার এবং জেলা বিচারকের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। আদালত চত্বরে আইনজীবীর উপর এ হেন হামলার নিন্দা করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানিপর্বে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “আজকে এক জন আইনজীবীকে আক্রমণ করা হয়েছে। কালকে এ, বি, সি-কেও আক্রমণ করা হবে। এই ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।” উল্লেখ্য চলতি সপ্তাহের প্রথমে বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোঁড়া হয়। পুলিশের উপস্থিতিতে এবিভিপি সমর্থকেরা তার ওপর ডিম ছোঁড়ে বলে অভিযোগ। এই ঘটনার জন্য সায়ন বন্দ্যোপাধ্যায় কে দু ঘন্টার বেশি সময় আদালতে অপেক্ষা করতে হয়। এর পরিপ্রেক্ষিতেই বারুইপুর জেলার পুলিশ সুপার এবং জেলা জজ এর কাছ থেকে রিপোর্ট তলব করেছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, আইনজীবীদের উপর ডিম হামলার ঘটনার সমালোচনা করে এদিনও একত্রিত হয়ে প্রতিবাদ করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। পাশাপাশি এমন বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে বারুইপুর আদালতের মূল প্রবেশদ্বার বন্ধ করে আন্দোলনে নামেন আইনজীবীদের একাংশ। হাইকোর্টের বাইরে আইনজীবীরা স্লোগান দেন, ‘আইনজীবীদের উপর হামলার ঘটনা বাড়ছে কেন রাজ্য সরকার জবাব দাও।’ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “গোটা রাজ্যজুড়েই আইনজীবীরা আন্দোলনের পথে নেমেছেন। আমার ওপর ডিম ছোঁড়া কোন ব্যক্তিগত ঘটনা নয়। যখন ডিম ছোঁড়া হচ্ছিল তখন পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।” আইনজীবীরা একত্রিত হয়ে জানান, রাজ্য এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে তারা সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে। আইনজীবীদের উপর ডিম ছোঁড়ার ঘটনা আদালত অবমাননার সামিল। যতক্ষণ পর্যন্ত না এই বর্বরোচিত আক্রমণ পুরোপুরিভাবে বন্ধ হচ্ছে, আইনজীবীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তাদের বক্তব্য, ক্ষোভ প্রকাশের রাস্তা কখনো ডিম ছোঁড়া হতে পারে না। পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী বলেন, “পুলিশ মন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। ওনার পদত্যাগ করা উচিত।”




