৩৬৫ দিন। জলের উপর ভাসছে বিশালাকার সবুজ পাতা। আর সেই পাতার উপর বসে জলে ভাসছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ ! শুনতে অবাক লাগলেও হাওড়ার শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে এখন এমনই অভিনব পরীক্ষার সাক্ষী হচ্ছেন দর্শনার্থীরা। বিশ্বের অন্যতম বৃহৎ জলজ উদ্ভিদ ‘ভিক্টোরিয়া অ্যামাজোনিকা’-র পাতাকে কেন্দ্র করে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘জায়ান্ট ওয়াটার লিলি রাইড’। উদ্যান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রায় চার ফুট বা তার বেশি ব্যাসের জীবন্ত পাতার নীচে বিশেষ ভাসমান সাপোর্ট ব্যবহার করে এই ব্যবস্থা তৈরি করা হয়েছে।
পরীক্ষার পর্যায়ে ৮০ থেকে ৯০ কেজি, কোথাও ৯০ থেকে ১০০ কেজি ওজনের প্রাপ্তবয়স্ককেও পাতার উপর বসিয়ে জলে ভাসানো হচ্ছে। শুধু মানুষের ওজন বহনের ক্ষমতাই নয়, এই প্রক্রিয়ায় পাতার কোনও ক্ষতি হচ্ছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই প্রায় ২৫০ জন পরীক্ষামূলকভাবে এই অভিজ্ঞতা নিয়েছেন। তাঁদের প্রতিক্রিয়া, পাতার স্থায়িত্ব এবং সাপোর্ট ব্যবস্থার কার্যকারিতা বিশ্লেষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার ফল ইতিবাচক হলে আগামী বছর সাধারণ দর্শনার্থীদের জন্য এই রাইড আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।দক্ষিণ আমেরিকার জলাভূমির এই বিশাল জললিলি প্রজাতির বৈজ্ঞানিক নাম ‘ভিক্টোরিয়া অ্যামাজোনিকা’। ১৮৫০ সালে বিজ্ঞানী রবার্ট স্কট এই উদ্ভিদকে শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসেন সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে। বিশাল আকৃতির পাতার জন্য উদ্ভিদটি দীর্ঘদিন ধরেই বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ। ২০২০ সালের ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে গাছটির ব্যাপক ক্ষতি হলেও পরবর্তীকালে উদ্যান কর্তৃপক্ষের উদ্যোগে ফের শুরু হয় সংরক্ষণ ও গবেষণার কাজ। বর্তমানে উদ্যানের ১৬টি জলাশয়ে এই বিরল জলজ উদ্ভিদ সংরক্ষিত রয়েছে। উদ্যানের বিজ্ঞানী ডঃ আর সরভাননের কথায়, অধিকর্তা কণাদ দাস এবং গার্ডেন ইনচার্জ মানস ভৌমিকের উদ্যোগেই পরীক্ষামূলকভাবে এই রাইডের পরিকল্পনা করা হয়েছে। মূলত পাতার ওজন বহনের সক্ষমতা এবং তার নীচে ব্যবহৃত ভাসমান সহায়ক ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হচ্ছে। বিরল উদ্ভিদ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের কাছে তার বৈশিষ্ট্যকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ। পরীক্ষা সফল হলে বোটানিক্যাল গার্ডেনে ‘জায়ান্ট ওয়াটার লিলি রাইড’ পর্যটকদের জন্য ভবিষ্যতে নতুন আকর্ষণ তৈরি করবে বলেই মনে করছেন উদ্যান কর্তৃপক্ষ।
সবুজ পাতার উপর মানুষ, জলের বুকে ‘লিলি রাইড’ ! শিবপুর বোটানিক্যাল গার্ডেনে অভিনব উদ্যোগ




