৩৬৫ দিন। কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো টিমই গ্রুপ লিগ থেকে সুপার সিক্সে উঠে গিয়েছে অনেক আগেই। তাই এই ম্যাচে হারা–জেতায় দুই টিমেরই কোনও লাভ–ক্ষতি হবে না। অর্চিস্মান বিশ্বাসের ইস্টবেঙ্গল টিমের মোটিভেশনের সামান্য একটা জায়গা আছে। সেটা হলে লাল হলুদ ব্রিগেড গ্রুপ লিগে এখনও হারেনি। টেবলে দুইয়ে আছে তারা। ডার্বি জিতলে তারা ভবানীপুরকে পিছনে ফেলে অপরাজিতভাবে গ্রুপের ফার্স্ট বয় হবে। বাস্তব রায়ের মোহনবাগান জিতলেও গ্রুপের তিন নম্বরেই থাকবে।
শীর্ষে উঠলেও ইস্টবেঙ্গলের তাতে কোনও লাভ নেই। কারণ গ্রুপ পর্যায়ের প্রাপ্ত পয়েন্ট কোনও কাজেই আসবে না। কারণ গ্রুপ লিগের পয়েন্ট ক্যারি ফরোয়ার্ড হবে না সুপার সিক্সে। তবু এই ডার্বি জিততে মরিয়া ইস্টবেঙ্গল। প্রথমে শোনা গিয়েছিল এএফসি কথা মাথায় রেখে জুনিয়র ছেলেদেরই ওপর ভরসা রাখবে ইস্টবেঙ্গল। একদিন আগে আবার শোনা গেল সম্মানের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল নাকি এডমনড, ডেভিড, আসিফ খানকে এই ম্যাচটার জন্য রেজিস্টার করিয়ে রেখেছে। আবার এখন শোনা যাচ্ছে জুনিয়র ছেলেদের উপরেই কাল ভরসা রাখবে মশাল বাহিনী। আসলে এইটা নিয়ে একটা রহস্য রাখতে চাইছে ইস্টবেঙ্গল বোঝা যাচ্ছে পরিষ্কার। এটা হয়তো তাদের স্ট্রাটেজির অংশ। তবে যারাই খেলুন ইস্টবেঙ্গল সমর্থকরা আবার চাইবেন ডুরান্ড কাপের পর এই ম্যাচটা আবার জিততে। গুরুত্ব না থাকলেও লড়াইটা যখন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের তখন সব ম্যাচ গুরুত্বপূর্ণ। সব ম্যাচ সম্মানের। এখানে কম গুরুত্ব, বেশি গুরুত্ব বলে কিছু হয় না।
ইস্টবেঙ্গল কি প্রথম এগারো মাঠে নামাবে সেটা মাঠেই বোঝা যাবে। ইস্টবেঙ্গলের জুনিয়র ফুটবলারদের মধ্যে অঙ্কন ভট্টাচার্য থেকে শুরু করে বিলাল, বিজয়, আকাশ, মনোতোষ, তন্ময় দাস প্রত্যেকেই প্রতিভাবান। এরাই ঘাম, রক্ত দিয়ে দলটাকে এই জায়গায় রেখেছে। সুতরাং তাদের ওপর ভরসা রাখাটাই উচিত হবে মনে করছে একাংশ। আবার একটা অংশের মনে হয় মোহনবাগানের কয়েকজন সিনিয়র ফুটবলার থাকবে বলে সম্পূর্ণ জুনিয়র দল খেলালে একটু ঝুঁকির হয়ে যেতে পারে। তাই অন্তত দু-তিন জন সিনিয়র রাখা প্রয়োজন। গত দুবার পরপর লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এবার জিতলে চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক হবে। তার সঙ্গে মোহনবাগানকে মাত্র কয়েক দিনের ব্যবধানে আবার হারানো যাবে। এখন কি হয় তার উত্তর পাওয়া যাবে বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া বারাসাতের মাঠে কলকাতা ডার্বিতে। অপেক্ষা আর কয়েক ঘণ্টার।
দল নিয়ে রহস্য ইস্টবেঙ্গলের! জয় ছাড়া ভাবছেন না আকাশরা
- khabar365din
- September 6, 2026
- 4:41 pm
- No Comments






