৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল।মেদিনীপুর।শনিবার সকাল। ঘড়িতে তখন সাড়ে দশটা। ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন এক মহিলা। কিন্তু বাড়ি পৌঁছনোর আগেই ঘটে গেল ছিনতাইয়ের ঘটনা।পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তুলে সাইকেলের ঝুড়িতে টাকা ভর্তি ব্যাগটি রেখে বাড়ির পথে রওনা দিয়েছিলেন ওই মহিলা। বেলদা-মেদিনীপুরগামী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই হঠাৎ পিছন থেকে একটি মোটরবাইকে করে দুই যুবক এসে সাইকেলের সামনে থাকা ঝুড়ি থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই বাইক নিয়ে দ্রুতগতিতে বাইপাসের দিকে পালিয়ে যায় তারা।মহিলার দাবি, ব্যাগের মধ্যে ১০ হাজার টাকা ছাড়াও ছিল মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনাটি চোখে পড়তেই স্থানীয় কয়েকজন ছিনতাইকারীদের ধরার চেষ্টা করেন। তবে বাইকের গতি বাড়িয়ে মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে চম্পট দেয় দুই যুবক।ঘটনার খবর পেয়ে তদন্তে নামে বেলদা থানার পুলিশ। ছিনতাইকারীদের শনাক্ত করতে বেলদা বাসস্ট্যান্ড ও সংলগ্ন একাধিক এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ঘটল এই ছিনতাই এবং কারা এর পিছনে রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Scroll to Top