মহমেডান স্পোর্টিং – ২
কালীঘাট স্পোর্টস লাভার – ১
৩৬৫ দিন। সোমবার নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচে ঘুরে দাঁড়ালো মোহামেডান স্পোর্টিং। শেষ ম্যাচটা তারা হেরে গিয়েছিল মেহেরাজ দায়িত্ব ছেড়ে দেওয়ার পর। তাই আজকে সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে গেলে আর পয়েন্ট নষ্ট করা সম্ভব ছিল না তাদের পক্ষে। সেই খিদেটাই আজ আবার দেখা গেল সাদা কালো ফুটবলারদের মধ্যে। ম্যাচের শুরুর দিকেই কয়েক মিনিটের মধ্যে পেনাল্টি পায় মহমেডান। মহিতোষ গোল করতে ভুল করেননি। নিজেদের মাঠে দর্শক সমর্থন থাকায় পুরো দল চাঙ্গা হয়ে খেলতে থাকে এবং চাপ বাড়াতে থাকে কালীঘাটের ওপর। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান কিমা। একটি পরিকল্পিত আক্রমণ থেকে দুই নম্বর গোলটি তুলে নেয় সাদা কালো ব্রিগেড। মিজোরামের এই ছেলেটি এবার মহমেডান দলের অন্যতম সেরা রিক্রুট। তবে কালীঘাট দুটি গোল খেয়ে পিছিয়ে পড়লেও হাফ টাইমের পর লড়াইয়ে ফিরে আসে। নিজেদের ফুটবলাররা দখলে বল বেশি রাখতে শুরু করে এবং আক্রমণ তৈরি করতে থাকে দুটো উইং দিয়ে। অবশেষে একটি গোল শোধ করে তারা। তবে মহমেডান ডিফেন্স গোটা ম্যাচে ওই একবার ছাড়া আর পরাস্ত হয়নি। তাই শেষ পর্যন্ত তিনটি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়ে শতাব্দী প্রাচীন ক্লাব। মহমেডান ম্যানেজমেন্ট জানিয়েছে তারা খুব তাড়াতাড়ি কোচের নাম ঘোষণা করে দেবে এবং কয়েকজন দেশি এবং বিদেশি ফুটবলার নেওয়া হবে। এবার আইএফএ শিল্ড করা হবে। তাতে ভালো পারফরম্যান্স করতে চায় ব্ল্যাক প্যান্থার বাহিনী।




