৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। সাম্বা ম্যাজিকের অপেক্ষায় দিন গোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যে দেশটার নাম শুনে ভারতের ফুটবলপ্রেমীরা ফুটবল রোমান্টিকতায় বড় হয়েছেন, যে হলুদ সবুজ জার্সির মাদকতায় বাঙালি মুগ্ধ হয়ে থেকেছে বছরের পর বছর, সেই ব্রাজিল খেলবে কলকাতার মাঠে – বাঙালি ফুটবলপ্রেমীদের কাছে এর থেকে বড় খবর আর কি হতে পারে! চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে অনেকের সত্যিই ব্রাজিল আসছে কলকাতায়। যতই এই মুহূর্তে ব্রাজিলের জাতীয় দলের পারফরমেন্স খারাপ হোক, তবুও তো দলটার নাম ব্রাজিল। মরা হাতি লাখ টাকা! ব্রাজিলের ছোঁয়া পেতে মরিয়া শহর। হু–হু করে বাড়ছে টিকিটের চাহিদা। ব্রাজিল বনাম ভারত ম্যাচ এখনও প্রায় এক মাস দেরি। তাতে কী? উত্তেজনায় ফুটছে শহর কলকাতা। শুধু কলকাতা নয়, ভিনরাজ্য থেকেও তুঙ্গে টিকিটের চাহিদা। ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেছিলেন, ‘সল্টলেকে ৬৫ হাজার দর্শক ধরে। কিন্তু একমাস আগে থেকেই যা চাহিদা, দর্শক আসন এক লাখ হলেও কুলিয়ে ওঠবে না!’ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথমবার ব্রাজিল খেলতে আসছে ভারতে। তা–ও একেবারে বিশ্বকাপের টিম। ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরোদের দেখার জন্য মুখিয়ে সবাই। ৩ অক্টোবর খেলা হলেও ব্রাজিল টিম চলে আসবে অন্তত তিন দিন আগে। দু’দিন সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্র্যাক্টিসও করবেন ভিনিরা। ম্যাচের বাইরেও নানা চমক থাকছে। যেমন, শহরে লোকপাল ভবনে গালা ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ব্রাজিল এবং ভারত, দুই টিমের ফুটবলাররা ডিনারে মিলিত হবেন রাজ্যপাল এনআর রবির সঙ্গে। থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বর। কিন্তু টিকিটের দাম কত হবে? দাম কি সাধারণ মানুষের নাগালে থাকবে? এখনও পর্যন্ত যা খবর, সবচেয়ে কম দামি টিকিট আড়াই হাজার টাকার রাখা হবে। এর পর থেকে দাম উঠতে পারে তিরিশ হাজার টাকা পর্যন্ত। টিকিট অনলাইনে ছাড়া হবে। গেটে স্ক্যান করে মাঠে ঢুকতে হবে। উইন্ডো খোলার মিনিট দশেকের মধ্যে টিকিট উড়ে যাওয়ার সম্ভাবনা।
টিকিটের দাম ২৫০০ থেকে ৩০০০০! গালা ডিনার থাকছে ব্রাজিলের জন্য
- khabar365din
- September 1, 2026
- 4:04 pm
- No Comments





