জগৎবল্লভপুরে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ
গ্যারেজের পিছন থেকে উদ্ধার ২টি তাজা বোমা

৩৬৫ দিন। পাপ্পা গুহ।পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। আর এরপরেই পঞ্চায়েত সদস্যের  বাড়ির পাশের একটি গ্যারেজের পিছন থেকে উদ্ধার হল দু’টি তাজা বোমা। রবিবার রাতে  ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে পাঁচলা বিধানসভার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ মোস্তাকিন আলির বিরুদ্ধে একাধিক দূর্নীতির  অভিযোগে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অভিযোগ বিক্ষোভকারীদের দেখে পঞ্চায়েত সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর তাঁর বাড়ির পাশে থাকা গ্যারেজের পিছনে তল্লাশির দাবি  তোলে বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ।পরে পুলিশকর্মীরা গ্যারেজের পিছনে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। যদিও পঞ্চায়েত সদস্যের পরিবারের দাবি, তাঁদের চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। ওই গ্যারেজে মোস্তাকিনের গাড়ি ছাড়াও আরও তিনটি গাড়ি রাখা হয়। ফলে বোমাগুলি কীভাবে সেখানে এল, তা নিয়ে তাঁরাও প্রশ্ন তুলেছেন। হাওড়া গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, গ্যারেজের পিছনে কিভাবে বোমাগুলি আসল পুলিশ তদন্ত করে দেখছে।

Scroll to Top