‘ফুড সেফটি উইক’-এ অভিযান, ছত্রাকযুক্ত খাবার মেলায় হাওড়ার নামী রেস্তোরাঁ ১৪ দিন বন্ধের নির্দেশ

৩৬৫ দিন।সুমন আদক।‘ফুড সেফটি উইক’-এর মধ্যেই সোমবার বিকেলে হাওড়া শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান হয়। বেলপোল এলাকার একটি নামী রেস্তোরাঁয় পরিদর্শনের সময় ছত্রাকযুক্ত রান্না করা কাবাব, ঢাকনাবিহীন খাদ্যসামগ্রী এবং খাদ্য সংরক্ষণে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। প্যাকেটজাত খাদ্যসামগ্রীর লেবেল নিয়েও অসঙ্গতি নজরে আসে বলে প্রশাসন সূত্রে খবর। এরপর দূষিত ও ব্যবহারের অনুপযুক্ত খাবার নষ্ট করে দিয়ে খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর ৩২ নম্বর ধারায় আইনি নোটিশ দেওয়া হয়। পাশাপাশি ১৪ দিনের জন্য রেস্তোরাঁটি বন্ধ এবং একই সময়ের জন্য লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে। পুরসভার সচিব অনুপম চক্রবর্তী জানান, প্রয়োজনীয় সংশোধনের পর ফের পরিদর্শন হবে। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা নিশ্চিত এবং স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র মিললেই রেস্তোরাঁটি পুনরায় চালু করা যাবে।

Scroll to Top